ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পদ্মা ব্যারেজ নির্মাণ জিয়াউর রহমানের স্বপ্ন ছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ১৫ মে ২০২৬   আপডেট: ২০:৪০, ১৫ মে ২০২৬
পদ্মা ব্যারেজ নির্মাণ জিয়াউর রহমানের স্বপ্ন ছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পদ্মা ব্যারেজ নির্মাণ জিয়াউর রহমানের স্বপ্ন ছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেছেন, “১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিকল্পনা করেছিলেন যে, আমাদের পদ্মা নদীর ওপর ব্যারেজ নির্মাণ করতে হবে।”

শুক্রবার (১৫ মে) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সোনাচান্দি এলাকায় করতোয়া নদীর বাঁধ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “দেশের অভিন্ন নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আলোচনা চলছে। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে পাসের মাধ্যমে সরকার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।”

তিনি বলেন, “ফারাক্কা বাঁধসহ অভিন্ন নদীগুলোর বিষয়ে চুক্তি ও সমাধানের জন্য পর্যায়ক্রমে কাজ চলছে। পার্শ্ববর্তী দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী।”

নদীর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “নদীমাতৃক বাংলাদেশকে টিকিয়ে রাখতে নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন জরুরি। পানিপ্রবাহ ঠিক রাখতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশ মরুকরণের ঝুঁকিতে পড়তে পারে।”

এ সময় প্রতিমন্ত্রী দাবি করেন, আগে যারা নদী দখল করেছিলেন, জনসচেতনতা ও ঐক্যের কারণে তারা এখন দখল ছেড়ে দিচ্ছেন।

তিনি আরো বলেন, “বাংলাদেশের ৫৪টি নদী ভারতের সঙ্গে এবং ৩টি নদী মিয়ানমারের সঙ্গে যুক্ত। পদ্মা ব্যারেজ নির্মিত হলে দক্ষিণাঞ্চলের ২৪টি জেলা ও ১৬৩টি উপজেলায় নদীর প্রবাহ সচল রাখতে সুবিধা হবে।”

ঢাকা/নাঈম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়