দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়, সহনীয় পর্যায়ে আনবে সরকার: চিফ হুইপ
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরগুনার জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, “দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তবে, এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসবে সরকার।”
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বরগুনার জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
চিফ হুইপ বলেন, “অপসংবাদিকতা রোধ করা জটিল বিষয়। তবে, এটি বন্ধে কাজ চলছে। দেশের অর্থনীতির হালচাল আমূল পরিবর্তন করার জন্য উপকূলবিষয়ক মন্ত্রণালয় গঠন করা প্রয়োজন।”
সভায় জেলার কর্মকর্তাদের দুর্নীতি বন্ধে শপথ পাঠ করান নুরুল ইসলাম মনি। এক মাস পরে দুর্নীতি কতটুকু বন্ধ হয়েছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে কর্মকর্তাদের হুঁশিয়ার করেন তিনি।
নুরুল ইসলাম মনি বলেন, “কাউকে ছাড় দেওয়া হবে না, যদি দুর্নীতি হয়। উন্নয়ন বাধাগ্রস্ত হয় দুর্নীতির কারণে। আমি কোনো ব্যাখ্যা জানতে চাই না।”
চিফ হুইপ বলেন, “দেশে বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন প্রধানমন্ত্রী। দিন-রাত কাজ করছেন তিনি।”
তিনি বলেন, “দেশে কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করে একটি গোষ্ঠী জনভোগান্তি সৃষ্টি করেছিল। কিন্তু, সরকার সেটিকে কৌশলগতভাবে মোকাবিলা করেছে।”
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের টাকা এনজিওর মাধ্যমে খরচ হওয়া এবং সঠিক হদিস না থাকার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় সংসদের চিফ হুইপ। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বরগুনা জেলা প্রশাসককে নির্দেশ দেন তিনি।
আইনশৃঙ্খলা কমিটির সভায় সভায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ, জেলা প্রশাসক তাছলিমা আক্তার, পুলিশ সুপার মো. কুদরত ই খুদা, জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইমরান/রফিক
ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি