বিতর্কিত ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সার্টিফিকেট বাতিল
অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের পর বাতিল করা হয়েছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সার্টিফিকেট। ফলে, আপাতত বন্ধ হয়ে গেল সিনেমাটির মুক্তির পথ।
জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পক্ষ থেকে সিনেমাটিকে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। অভিযোগ ওঠার পর বিষয়টি পুনরায় পর্যালোচনা করে সার্টিফিকেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএফডিসি সূত্র বলছে, জেবা জান্নাত কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ করেন যে, কাজ শুরুর সময় তাকে জানানো হয়েছিল এটি একটি নাটক বা টেলিফিল্মের প্রজেক্ট। কিন্তু পরবর্তীতে তাকে না জানিয়েই সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তির উদ্যোগ নেওয়া হয়। তার দাবি, এটি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।
এই বিতর্কে মুখ খুলেছেন চিত্রনায়িকা মৌসুমীও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি জানান, শুরুতে প্রকল্পটি স্বল্পদৈর্ঘ্য নাটক বা টেলিফিল্ম হিসেবেই পরিকল্পনা করা হয়েছিল। পরে সেটিকে সিনেমায় রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, যা তাকে বিস্মিত করেছে।
‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। এতে অভিনয়ও করেছেন তিনি। এছাড়া গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে রয়েছেন জেবা জান্নাত ও মৌসুমী।
ঢাকা/রাহাত/শান্ত
হামে আরো ৮ শিশুর মৃত্যু