ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকায় হকারদের ডিসিপ্লিনে আনার চেষ্টা চলছে: দক্ষিণ সিটি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১৩ মে ২০২৬   আপডেট: ১৭:৩৬, ১৩ মে ২০২৬
ঢাকায় হকারদের ডিসিপ্লিনে আনার চেষ্টা চলছে: দক্ষিণ সিটি প্রশাসক

আব্দুস সালাম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, “রাজধানীর হকারদের শৃঙ্খলার মধ্যে আনার জন্য কাজ চলছে। একই সঙ্গে রিকশা চলাচলও একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।”

বুধবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর ১১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

আব্দুস সালাম বলেন, “বর্তমানে ঢাকা শহরের হকারদের ডিসিপ্লিনে আনার চেষ্টা চলছে। শিগগিরই রিকশাকেও একটি শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করা হবে, যা আগের শাসকরা করেননি।”

তিনি বলেন, “৫ আগস্টের পর রাজধানীতে নানা ধরনের সমস্যা বেড়েছে।”

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের সময় যথাযথ তদারকির অভাব ছিল বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় হামের টিকা সংগ্রহে ব্যর্থতার কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে বলেও দাবি করেন তিনি।

স্মরণ সভায় নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করে আব্দুস সালাম বলেন, “তিনি অন্যায়ের কাছে কখনও আপস করেননি, মাথা নত করেননি। সংগ্রাম ও আন্দোলনের এক জ্বলন্ত প্রতীক ছিলেন নাসিরুদ্দিন পিন্টু।”

তিনি বলেন, “শুধু লালবাগ, চকবাজার বা কামরাঙ্গীরচর নয়, সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি আজ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে এবং এ হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হবে।”

বিএনপির রাজনীতি প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, “বিএনপি মাটি ও মানুষের দল। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, কারও দয়া বা দাক্ষিণ্যে নয়। বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই, কারণ জনগণ তাদের সঙ্গে আছে।”

অনুষ্ঠানে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি আহাম্মেদ মিষ্টি।

তিনি বলেন, “নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু বিএনপির একটি গুরুত্বপূর্ণ সম্পদ ছিলেন। ইউনিট পর্যায় থেকে শুরু করে তিনি রাজনীতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিলেন এবং কর্মীবান্ধব নেতা হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন।”

তিনি অভিযোগ করেন, “নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু হত্যা মামলাটি এখনো গ্রহণ করা হয়নি।”

তদন্ত কার্যক্রমও শেষ হয়নি উল্লেখ করে দ্রুত মামলার নিষ্পত্তির দাবি জানান তিনি। স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু স্মৃতি সংসদের আহ্বায়ক সাইদ হাসান পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট নাহিদুল ইসলাম নাহিদ।

ঢাকা/নজরুল/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়