ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাবনায় হঠাৎ করে ছাত্রীরা অসুস্থ, ৬৫ জন হাসপাতালে 

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ১৩ মে ২০২৬   আপডেট: ১৯:৩০, ১৩ মে ২০২৬
পাবনায় হঠাৎ করে ছাত্রীরা অসুস্থ, ৬৫ জন হাসপাতালে 

ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।

পাবনার ঈশ্বরদী উপজেলার একটি বিদ্যালয়ের অন্তত ৬৫ জন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। গ্যাস জাতীয় কোনো কিছুর বিষক্রিয়ায় এমন হতে পারে বলে শিক্ষকরা ধারণা করছেন। তবে চিকিৎসকদের ধারণা, এটা ম্যাস হিস্টিরিয়া। একজনকে দেখে অন্যরা অসুস্থ হয়ে পড়া।

বুধবার (১৩ মে) দুপুরে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর ছাত্রী।

আরো পড়ুন:

চিকিৎসা ভাষায় ম্যাস হিস্টিরিয়া বা গণমনস্তাত্ত্বিক অসুস্থতা হলো, একদল মানুষের মধ্যে হঠাৎ ছড়িয়ে পড়া একই ধরণের শারীরিক বা মানসিক অসুস্থতার লক্ষণ। এটি সাধারণত প্রচণ্ড ভয়, উদ্বেগ বা সামাজিক উত্তেজনার ফলে সৃষ্ট গণমনস্তাত্ত্বিক ঘটনা, যেখানে একে অপরের দেখাদেখি লক্ষণগুলো দ্রুত ছড়িয়ে পড়ে।

মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক শফিকুল ইসলাম বলেন, দুপুর পৌনে ১টার দিকে তিন তলায় ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর তিন-চারজন ছাত্রী হঠাৎ অজ্ঞান হয়ে যায়। এ সময় গরম ছিল। অবশ্য পরে বৃষ্টি শুরু হয়। দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয়। এভাবে ধীরে ধীরে অনেক ছাত্রী অসুস্থ বোধ করতে থাকে। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসনা রাণী বলেন, তৃতীয় তলায় ৬ষ্ঠ শ্রেণীর তিন নম্বর কক্ষে বেঞ্চের নিচে উকুননাশক স্প্রে বোতল পাওয়া গেছে। সেটার মুখ খোলা ছিল। কোনো ছাত্রী নিয়ে আসতে পারে। সেটা থেকে কোনো গন্ধ বের হয়ে এমন হলো কি-না বোঝা যাচ্ছে না। প্রথমে মাথা ঘোরায়, তারপর একে একে অজ্ঞান হয়ে পড়ে ছাত্রীরা। 

তিনি আরো বলেন, বিষয়টি সঙ্গে সঙ্গে ইউএনও স্যার ও ফায়ার সার্ভিসে জানানো হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ৬৫ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থ ছাত্রীদের অভিভাবকরা হাসপাতালে ছুটে যায়। তবে হাসপাতালে নেওয়ার পরে সেখানে চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণ পর অনেকে সুস্থবোধ করায় অভিভাবকরা তাদের বাড়ি নিয়ে গেছে। 

খবর পেয়ে দ্রুত হাসপাতালে তাদের দেখতে যান স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব, ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান। তারা অসুস্থ ছাত্রীদের খোঁজ নেন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কাবেরী সাহা বলেন, ‘‘সবাইকে আমরা চিকিৎসা দিচ্ছি। দুজনের অবস্থা গুরুতর। প্রয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। আর অন্যরা এখন অনেকটাই স্বাভাবিক। এটা মূলত ম্যাস হিস্টিরিয়া হতে পারে। ভয়ের কিছু নেই।’’ 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, চিকিৎসকরা জানিয়েছেন কেউ অজ্ঞান হয়ে গিয়েছিল, কেউ শ্বাসকষ্টে ভুগছিল। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ছাত্রীরা কেন অসুস্থ হয়েছে বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে যতটুকু জেনেছি, ৬ষ্ঠ শ্রেণীর ওয়াশরুমে একটি কীটনাশকের বোতল দেখতে পায় ছাত্রীরা। সেখান থেকে কোনো বিষাক্ত গ্যাসের মতো কিছু বের হয়ে এমন হতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন এটা ম্যাস হিস্টিরিয়া। ভয়ের কিছু নেই। সবাই সুস্থ আছে।

ইউএনও আরো বলেন, ‘‘এ ঘটনা খতিয়ে দেখতে আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) তদন্ত কমিটি গঠন করা হবে। পুলিশ আর গোয়েন্দা সংস্থা যারা আছে, তাদেরও বলেছি বিষয়টি তদন্ত করতে। শ্রেণীকক্ষের ওয়াশরুমে কীটনাশকের বোতল কোথা থেকে কীভাবে আসলো, তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।’’ 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়