পাবিপ্রবিতে ভূমিকম্প ও অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে অগ্নি নিরাপত্তা, ভূমিকম্প ও বহুতল ভবনের নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন পাবনা ফায়ার সার্ভিসের ফায়ার স্টেশন অফিসার শফিউল ইসলাম ও পরিদর্শক ফারুক আহমেদ।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, “বেশিরভাগ সময় দুর্যোগের পূর্বাভাস আমরা জানতে পারি না। দুর্যোগ হঠাৎ করেই আসে। তাই সবসময় দুর্যোগ মোকাবিলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দুর্যোগ মোকাবিলা সম্ভব।”
তিনি আশা প্রকাশ করেন, আইকিউএসি বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের জন্য নিয়মিত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক শামীম আহসান বলেন, “বিল্ডিং কোড সম্পর্কে সবাইকে জানতে হবে। প্রশাসনকে উদ্যোগ নিয়ে নাগরিকদের সচেতন করতে হবে। ভবন নির্মাণে সব উপাদান সঠিক মাত্রায় ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রতিটি ভবনে অগ্নিনির্বাপক যন্ত্র, পানির ট্যাংক এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা বাধ্যতামূলক করা প্রয়োজন।”
আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আসফাকুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক মো. শামীম রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক শামীম আহসান।
এছাড়া, উপস্থিত ছিলেন জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক মো. কামরুজ্জামান, গণতন্ত্র হলের প্রভোস্ট লায়লা আরজুমান্দ বানু, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান খান, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক অধ্যাপক মো. রাশেদুল হক, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আশিকুর রহমান অভিসহ জ্যেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
ঢাকা/শাহীন/জান্নাত
ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি