ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  চৈত্র ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে চবিকে হারিয়ে শিরোপা জিতল যবিপ্রবি

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ১৪ মে ২০২৬  
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে চবিকে হারিয়ে শিরোপা জিতল যবিপ্রবি

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট–২০২৬ (মেয়ে) ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মেয়েদের ফুটবল দল।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

ম্যাচে যবিপ্রবি দলের অধিনায়কত্ব করেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আফরা খন্দকার।

চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন—শিউলি রায়, অধিনায়ক আফরা খন্দকার, পূর্ণিমা রানি, সানজিদা আক্তার সাথী, রূপা খাতুন, সাদিয়া আক্তার, মনিরাতুজ জোহরা শশী, জান্নাতুল ইসলাম রুমি, সাগরিকা খাতুন, মাহাবুবা হাসনা, টোয়া রোজা, পূর্ণিমা রানি মণ্ডল, অভিকা রানি হালদার অভি, সোনিয়া খাতুন, আরিফা খাতুন ও আঁখি সুলতানা সাথী। তারা সবাই যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

অধিনায়ক আফরা খন্দকার বলেন, “ফাইনালে চবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় আমরা খুবই আনন্দিত। এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ম্যানেজমেন্টের অক্লান্ত পরিশ্রম রয়েছে। তাদের দিকনির্দেশনা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। আমাদের দলের মধ্যে দারুণ বোঝাপড়া ছিল। এক দিনে দুটি ম্যাচ খেলা কঠিন হলেও কেউই ক্লান্ত বা হতাশ হয়নি। সবাই আত্মবিশ্বাস নিয়ে খেলেছে। ভবিষ্যতেও চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবার দোয়া কামনা করছি।”

যবিপ্রবি মেয়েদের ফুটবল দলের কোচ উজ্জ্বল চন্দ্র সূত্রধর জানান, নানা প্রতিকূলতার মধ্যেও খেলোয়াড়রা পড়াশোনা, অনুশীলন ও পরীক্ষার সমন্বয় করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

তিনি বলেন, “ফাইনালে দলটি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চবিকে ৭-০ গোলে হারিয়েছে এবং আগের ম্যাচগুলোতেও ভালো খেলেছে।”
তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতার কথা উল্লেখ করে খেলোয়াড়দের জন্য নিয়মিত অনুশীলনের আরো সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানান।

দলের ম্যানেজার ইসরাত জাহান বলেন, “আমরা ঢাবি ও রাবিকে হারিয়ে ফাইনালে উঠি এবং চবিকে ৭-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হই, যা যবিপ্রবির জন্য অত্যন্ত গৌরবের।” তিনি কোচ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দলটি পরবর্তী ভলিবল ম্যাচে অংশ নিতে ঢাবির উদ্দেশে রওনা হবে, বলে জানান তিনি।

দলে কোচ হিসেবে ছিলেন শরীরচর্চা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. শাহিনুর রহমান এবং যশোর জেলা দলের কোচ আনোয়ার পারভেজ।

এদিকে, দিনের অপর ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে যবিপ্রবির পুরুষ ফুটবল দল।

ঢাকা/ইমদাদুল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়