পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী ডিনস ও ৬ শিক্ষক পেলেন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শিক্ষকদের সাথে অ্যাওয়ার্ড ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৩৮ জন শিক্ষার্থীকে ডিনস অনারস অ্যাওয়ার্ড, ৬ জন শিক্ষককে ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড এবং ২৩ জন শিক্ষার্থীকে ইনোভেশন প্রজেক্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার সেলের উদ্যোগে কনভেনশন হলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. শামীম আহসান।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের ডিনস অনারস অ্যাওয়ার্ড ২০২৪ ও ২০২৫ প্রদান করা হয়। গবেষণায় অসাধারণ কৃতিত্বের জন্য ৫টি অনুষদ থেকে ৫ জন শিক্ষককে ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড দেওয়ার নিয়ম থাকলেও একই অনুষদের দুইজন শিক্ষক সমান নম্বর পাওয়ায় যৌথভাবে পুরস্কারপ্রাপ্তসহ মোট ৬ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। এছাড়া, ২৩ জন মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীকে ইনোভেশন প্রজেক্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম পুরস্কারপ্রাপ্তদের উদ্দেশে বলেন, “তোমাদের আরো ভালো করতে হবে। দেশ ও জাতির জন্য কাজ করতে হবে। তোমরা জাতির কাছে দায়বদ্ধ, সেই দায়বদ্ধতা থেকেই দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করতে হবে। সমাজের উন্নয়নে উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরো বলেন, “গবেষণার জন্য আমরা ধাপে ধাপে বরাদ্দ বাড়াচ্ছি, যাতে গবেষণায় আরো বেশি আগ্রহ তৈরি হয়।”
এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী সঞ্চিতা মোহন্ত।
রিসার্চ অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার সেলের পরিচালক মো. লোকমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো. হাসিবুর রহমান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মীর হুমায়ূন কবীর, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. শামীম রেজা এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আনোয়ার হোসেন।
ঢাকা/শাহীন/জান্নাত
ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি