জাবির জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্ত
জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মৎস্যসম্পদের ব্যবহার বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জলাশয়ে ৪১২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাস পলিসি নেক্সাসের (সিপিএন) উদ্যোগে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, “সরকারের মূল দর্শন হলো—দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে চাষযোগ্য এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না এবং কৃষি ও মৎস্যসম্পদের সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে হবে।”
তিনি আরো বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ একর জলাশয় মৎস্যসম্পদের জন্য একটি বড় সম্ভাবনা। এই প্রথম সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলোতে প্রায় ৪১২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে, যাতে এ সম্পদকে কার্যকরভাবে কাজে লাগানো যায়।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিযায়ী পাখি ও জলাশয়ের মাছের মধ্যে কোনো সাংঘর্ষিক সম্পর্ক নেই; এটি একটি সমন্বিত ইকোসিস্টেম। প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখেই মৎস্যসম্পদ ব্যবহার করে আর্থিক লাভ এবং শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ সম্ভব।”
অনুষ্ঠানের উদ্যোক্তা ও সিপিএনের সংগঠক মেহেদী মামুন বলেন, “আমাদের ক্যাম্পাসের জলাশয়গুলোকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে লেকের মাছ খাওয়ার সুযোগ দিতে চাই। বিশ্ববিদ্যালয়ের অংশীজনরা যাতে এ সম্পদের সুবিধা পান, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। একই সঙ্গে লেকগুলোর পানি দূষণমুক্ত রাখা হবে।”
তিনি আরো বলেন, “এ উদ্যোগ জাতীয় অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে।”
এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
ঢাকা/আহসান/জান্নাত
ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি