উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা জরুরি: ফখরুল
জনগণের টাকায় চলা উন্নয়ন প্রকল্পগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা আর নির্ধারিত সময়ে শেষ করার ওপর জোর দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “প্রকল্প বাস্তবায়নে কোনো গাফিলতি হলে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।”
বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশনের চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “প্রতিটি প্রকল্প নেওয়া হয় মানুষের কল্যাণের জন্য এবং বাস্তবায়ন হয় তাদের অর্থেই। তাই কাজের গুণগত মান বজায় রেখে খরচ যৌক্তিক রাখতে হবে।”
একই সঙ্গে কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রতিনিধি ও প্রকল্প পরিচালকরা।
সভায় প্রকল্পের অগ্রগতি, ব্যয় ব্যবস্থাপনা এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
ঢাকা/এএএম/এসবি
ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি