গাজীপুরে একই পরিবারের ৩ শিশু হামে আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
সাত দিনের মধ্যে একই পরিবারের তিন শিশু হাম রোগের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে দুইজনের হামের টিকা নেওয়ার বয়স হয়নি। গাজীপুরের ডিভাইন মার্সি হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আরো ২০ জন হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যে তিন মাসের শিশু ও প্রাপ্ত বয়স্ক রোগীও রয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সরেজমিন গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ডিভাইন মার্সি হাসপাতালে গিয়ে কথা হয় হামে আক্রান্ত শিশুদের পরিবারের সঙ্গে।
ওই পরিবারের সদস্যরা জানান, তারা যৌথ পরিবার। প্রথমে ১০ মাস বয়সী ইরহাম, পরে ৯ মাস বয়সী আরিয়ান, ৯ মাস বয়সী ইকরাম হামে আক্রান্ত হয়। সাত দিনের মধ্যে সবাই আক্রান্ত হয়েছে। প্রথমে তারা বুঝতে পারেননি। হাসপাতালে আসলে হামের উপসর্গ ধরা পড়ে। তবে এই শিশুরা এখন অনেকটা সুস্থ। দ্রুত তাদের রিলিজ দেওয়া হবে।
আক্রান্ত শিশু আরিয়ানের মা বলেন, ‘‘আমার সন্তানের বয়স ৯ মাস। টিকা দেওয়ার আগে হাম হয়েছে। কয়েক দিন ধরে মার্সি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে।’’
ওই পরিবারে সদস্য আব্দুল আউয়াল বলেন, ‘‘আমরা তিন ভাই। প্রত্যেকের পরিবারে ছোট বাচ্চা। এক সপ্তাহের মধ্যে সবাই হামে আক্রান্ত হয়েছে। হাসপাতালে এসে দেখি আরো অনেক শিশু ভর্তি। আমাদের সবার সচেতন হওয়া জরুরি।’’
হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট ডা. সুলতানা নার্গিস বলেন, ‘‘শিশু জন্মের সময় মায়ের কাছ থেকে কিছু অ্যান্টিবডি নিয়ে আসে। যা ছয় মাস পর্যন্ত শিশুটিকে সুরক্ষা দেয়। আমাদের হামের টিকা যেহেতু দেওয়া হয় নয় মাসে। মাঝের এই দুই তিন মাসে শিশুর রক্তে এন্টিবডি থাকে না। ফলে এই সময়ে হামের সংক্রমণ বেশি হয়।’’
ঢাকা/রেজাউল/বকুল
ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি