ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নেইমার অনেক উন্নতি করেছে: আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ১৩ মে ২০২৬  
নেইমার অনেক উন্নতি করেছে: আনচেলত্তি

দীর্ঘদিনের চোট, অনিশ্চয়তা আর ফিটনেস নিয়ে নানা প্রশ্নের মাঝেও নেইমারকে ঘিরে আশার আলো দেখছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের এই অভিজ্ঞ কোচ জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে অনেক উন্নতি করেছেন নেইমার। তবে এখনও চূড়ান্ত বিশ্বকাপ দলে তার জায়গা নিশ্চিত করেননি তিনি।

২০২৩ সালের অক্টোবরে চোটে পড়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পারেননি নেইমার। হাঁটুর গুরুতর চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। তবুও নিজের চতুর্থ বিশ্বকাপ খেলার স্বপ্ন এখনও ছাড়েননি ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

আরো পড়ুন:

ইতোমধ্যে আনচেলত্তির প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। আগামী ১৮ মে ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবেন ইতালিয়ান এই কোচ।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, “নেইমারকে সবাই খুব ভালোবাসে। শুধু সমর্থকেরা নয়, খেলোয়াড়েরাও তাকে পছন্দ করে। তাকে দলে নিলে ড্রেসিংরুমে কোনো সমস্যা তৈরি হবে না, কারণ সে সবার কাছে প্রিয়।”

সম্প্রতি লিওনেল মেসিও নিজের সাবেক বার্সেলোনা ও পিএসজি সতীর্থ নেইমারকে নিয়ে প্রশংসা করেছেন। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ব্রাজিলের হয়ে নেইমারকে দেখতে চান বলেও জানিয়েছেন আর্জেন্টাইন তারকা।

ব্রাজিলের হয়ে ৭৯ গোল করা নেইমার এখনও দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তাই তাকে ঘিরে আলোচনা হওয়াটা স্বাভাবিক বলেই মনে করেন আনচেলত্তি।

তিনি বলেন, “সবাই নিজের মতামত দিতেই পারে। যারা আমাকে পরামর্শ দিয়েছে, তাদের ধন্যবাদ। কিন্তু দল নির্বাচন করতে গেলে অনেক বিষয় বিবেচনা করতে হয়।”

আনচেলত্তির মতে, নেইমার শুধু প্রতিভাবান খেলোয়াড়ই নন, ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ একটি নামও। কারণ দীর্ঘ চোট কাটিয়ে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন তিনি।

ব্রাজিল কোচ বলেন, “সে এখন নিয়মিত খেলছে। সাম্প্রতিক সময়ে অনেক উন্নতি করেছে। তবে সিদ্ধান্তটা সহজ নয়। আমাকে ভালো-মন্দ সবদিকই বিবেচনা করতে হবে।”

তবে এসব আলোচনা তাকে বাড়তি চাপে ফেলছে না বলেও জানান ৬৬ বছর বয়সী এই কোচ। তার ভাষায়, গত এক বছর ধরে শুধু নেইমার নয়, ব্রাজিলের সব খেলোয়াড়কেই পর্যবেক্ষণ করা হচ্ছে।

২০২৫ সালের মে মাসে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ব্রাজিল দলের দায়িত্ব নেন আনচেলত্তি। তার লক্ষ্য, ২০০২ সালের পর প্রথমবারের মতো ব্রাজিলকে আবারও বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া।

দল নির্বাচনে নিজের ওপর পূর্ণ আত্মবিশ্বাসও রয়েছে তার।

আনচেলত্তি বলেন, “এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। কারণ এই বছর ব্রাজিলের সব খেলোয়াড় সম্পর্কে যে তথ্য আমার কাছে আছে, তা অন্য কারও কাছে নেই। নিখুঁত দল গড়া অসম্ভব, কিন্তু আমি এমন একটি দল গড়তে পারব যেখানে ভুল কম হবে—এ ব্যাপারে আমি নিশ্চিত।”

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়