আন্দামান সাগরে ট্রলারডুবি, অভিযুক্ত শাকের মাঝি আটক
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আন্দামান দ্বীপপুঞ্জের গভীর সাগরে ট্রলারডুবির ঘটনায় অভিযুক্ত মানবপাচারকারী শাকের মিয়া ওরফে শাকের মাঝিকে (৪২) আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) বিকেলে টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শাকের মাঝি ওই এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং কবির আহমদের ছেলে।
ওসি সাইফুল ইসলাম বলেন, শাকের মাঝি টেকনাফের অন্যতম শীর্ষ মানবপাচারকারী। গত ৯ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জে সাগরে ট্রলারডুবির ঘটনায় মানবপাচারের মূল হোতা হিসেবে তার নাম উঠে এসেছে। গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, শাকের মাঝির বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচার, মাদক, অস্ত্র ও চোরাচালানসহ মোট ১১টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
গত ৯ এপ্রিল চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশে যাত্রাকালে বাংলাদেশি পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এমটি মেঘনা প্রাইড’ আন্দামান দ্বীপপুঞ্জের নিকটবর্তী গভীর সমুদ্রে ডুবে যায়। পরে ভাসমান অবস্থায় ছয় বাংলাদেশি ও তিন রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর এবং পরবর্তীতে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়।
ঢাকা/তারেকুর/রাজীব
চীন পৌঁছেছেন ট্রাম্প