ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার রুখে দেওয়ার আহ্বান এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ১৩ মে ২০২৬   আপডেট: ২০:৩৭, ১৩ মে ২০২৬
সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার রুখে দেওয়ার আহ্বান এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন।

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ করা এবং সদস্যদের মনোবল দুর্বল করার লক্ষে একটি স্বার্থান্বেষী মহলের চালানো পরিকল্পিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

বুধবার (১৩ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ।

আরো পড়ুন:

তিনি বলেন, “যখন বাংলাদেশ ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে নিজের সার্বভৌমত্ব সুদৃঢ় করছে এবং সশস্ত্র বাহিনীকে আধুনিক ও সক্ষম হিসেবে গড়ে তোলার কাজ চলছে, ঠিক তখনই একটি বিশেষ গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে বিমান বাহিনীর আধুনিকায়ন ও ফাইটার প্লেন ক্রয়ের প্রক্রিয়াকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে।”

সাইফুল্লাহ খান সাইফ বলেন, “বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে মামলার আবেদন, বিমান বাহিনীর সাথে চরমপন্থার মতো স্পর্শকাতর বিষয়কে জড়ানোর অপচেষ্টা এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে সন্দেহ সৃষ্টির চেষ্টা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।”

তিনি বলেন, “প্রতিরক্ষা উপদেষ্টা ও এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম সম্পর্কেও ভুঁইফোড় অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে, যা কেবল ব্যক্তি নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জাতীয় স্থিতিশীলতার বিরুদ্ধেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”

তিনি বলেন, “এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে—বাংলাদেশের সশস্ত্র বাহিনী এ দেশের মানুষের আশা, ভালোবাসা ও গর্বের প্রতীক। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা থেকে শুরু করে দুর্যোগ মোকাবিলা, জাতীয় সংকট কিংবা জনগণের নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র বাহিনী সবসময় সাহস, শৃঙ্খলা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষত ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো জাতীয় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে দায়িত্বশীল ও সংযত ভূমিকা পালন করে সশস্ত্র বাহিনী আবারে প্রমাণ করেছে যে, তারা কেবল একটি প্রতিরক্ষা বাহিনী নয়—বরং জাতির আস্থা ও স্থিতিশীলতার শেষ ভরসা।”

তিনি আরো বলেন, “বাংলাদেশের স্বার্থে, দেশের সম্মানের প্রশ্নে আমরা সবাই এক ও অবিচল। তাই কোনো অপপ্রচার, গুজব বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা দেশের মানুষের হৃদয়ে সশস্ত্র বাহিনীর প্রতি যে সম্মান ও বিশ্বাস রয়েছে তা বিনষ্ট করতে পারবে না। এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে- গুজব ও বিভ্রান্তি থেকে সতর্ক থাকুন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের মর্যাদা রক্ষায় সচেতন থাকুন এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকুন।”

ঢাকা/রায়হান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়