বান্দরবানে অপহৃত ৬ শ্রমিক উদ্ধার
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের একটি রবার বাগান থেকে অপহরণ হওয়া ছয় শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোরের দিকে একটি পাহাড় এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে বলে ‘বাংলাদেশে আর্মি’ ভেরিফাইড ফেসবুক পেজে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর বান্দরবান সেনা জোন ২৮ ই বেঙ্গল এর একটি চৌকস দল গত ২৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল ভোর পর্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে একটি পাহাড়ি এলাকায় অভিযান চালানোর সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শ্রমিকদের ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অপহৃতদের নিরাপদে উদ্ধার করা হয়।
এ ঘটনায় ম্যাংতাং ম্রো (৩০) নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উদ্ধারকৃত শ্রমিকরা হলেন- মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলি মুল্লা এবং মো. রমিত। উদ্ধার শেষে প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ২২ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে টংকাবতী ইউনিয়নের ইসমাইলের রাবার বাগান এলাকা থেকে ছয় শ্রমিককে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরদিন অপহরণকারীরা একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে শ্রমিকদের প্রাণনাশের হুমকি দেয়।
ঢাকা/চাইমং/মাসুদ
চাল-চিনিসহ বেড়েছে মাছ, ডিম ও সবজির দাম