ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পের চীন সফর নিয়ে যা বলছেন বেইজিংয়ের বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ১৩ মে ২০২৬  
ট্রাম্পের চীন সফর নিয়ে যা বলছেন বেইজিংয়ের বাসিন্দারা

বেইজিংয়ের দ্বিতীয় রিং রোড ঘেঁষে থাকা রোদ ঝলমলে রাস্তাগুলোর বাসিন্দারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের দিকে সতর্ক নজর রাখছেন। তাদের মতে, চীনা নেতা শি জিনপিংয়ের কাছে ট্রাম্পের সবচেয়ে জরুরি অনুরোধটি হবে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সাহায্য করা।

সিএনএন-এর সাথে কথা বলা বেইজিংয়ের বাসিন্দারা ইরান যুদ্ধ শেষ করার জন্য চীনের আরো বেশি জড়িত হওয়ার ব্যাপারে তেমন আগ্রহ দেখাননি। তাদের মতামত এখানকার একটি বৃহত্তর প্রবণতাকেই প্রতিফলিত করে: ওয়াশিংটনের প্রতি হতাশা, ভূ-রাজনৈতিক সংঘাতে ক্লান্তি এবং নিরপেক্ষতার প্রতি দৃঢ় পক্ষপাত।

আরো পড়ুন:

বেইজিংয়ের সৌন্দর্য-সরঞ্জাম শিল্পে কর্মরত লিউ বলেন, “চীন সবসময় নিরপেক্ষ থেকেছে। তারা যদি যুদ্ধ করতে চায়, সেটা তাদের ব্যাপার, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।”

বুধবার সন্ধ্যায় দুদিনের সফরে চীন পৌঁছেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ও শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কয়েক দফা বৈঠক করবেন ট্রাম্প। এই শীর্ষ সম্মেলনটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। ইরানের সাথে তার যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে, যদিও এর প্রভাব এখনো পর্যন্ত চীনে ততটা দৃশ্যমান নয়।

বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, তারা মনে করেন মার্কিন প্রেসিডেন্ট একটি দুর্বল অবস্থান থেকে বেইজিংয়ে আসছেন।

পেশায় প্রোগ্রামার লি বলেন, “ইরানের যুদ্ধের কারণে তিনি এখন বেশ কঠিন পরিস্থিতিতে আছেন। তাই, আমার মনে হয় তিনি এখানে আসছেন কিছু সুবিধা আদায়ের জন্য।”

তবুও, ট্রাম্পের সমালোচক বাসিন্দাদের মধ্যেও বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে আরো স্থিতিশীল সম্পর্কের জন্য একটি ধারাবাহিক আকাঙ্ক্ষা রয়েছে। অনেকেই অবাধ ভ্রমণ, ব্যবসায়িক সম্পর্ক, এমনকি চীনে এনবিএ গেমসের প্রত্যাবর্তনের কথা স্মৃতিচারণ করেছেন।

তবে লিউ-এর জন্য, বাণিজ্য যুদ্ধ এবং আমেরিকান রপ্তানি নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী ক্ষত রেখে গেছে।

তিনি জানান, কীভাবে চিপ নিয়ন্ত্রণের কারণে আমদানি করা লেজার বিউটি সরঞ্জাম, যা তার কোম্পানি একসময় মেরামত করত, তাতে ব্যাঘাত ঘটে। এতে ব্যবসার ক্ষতি হয় এবং অবশেষে তাকে শিল্পের একটি ভিন্ন বিভাগে যেতে বাধ্য করে।

লিউ বলেন, “একবার সেই চিপগুলো ব্লক হয়ে গেলে, এটি অবশ্যই আমাদের জন্য বিশাল অর্থনৈতিক ক্ষতির কারণ হয়েছিল।

অন্যরা ট্রাম্পকে খামখেয়ালী বলে বর্ণনা করলেও, তারা আশা করছেন এই সফর উত্তেজনা কমাতে পারে।

লজিস্টিকস নিয়ে কাজ করা ইয়াং বলেন, “যুদ্ধ প্রতিটি দেশের জন্যই খারাপ। এমনকি যে দেশগুলো সরাসরি জড়িত নয়, তারাও ক্ষতিগ্রস্ত হয়।”

তবুও, শান্তির আহ্বানের আড়ালে বিশ্বে চীনের অবস্থান নিয়ে ক্রমবর্ধমান আত্মবিশ্বাস এবং মার্কিন শক্তি নিয়ে সংশয় কাজ করছে।

লিউ সরাসরি বললেন, “আমি সত্যি কথাই বলছি। আপনারা তো ইরানকেই হারাতে পারেন না, তাহলে চীনকে হারানো কীভাবে সম্ভব?”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়