ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অ্যালিসের হ্যাটট্রিকসহ ৬ উইকেট, মৃতুঞ্জয়-রাব্বীর বোলিংয়ে মোহামেডান ও আবাহনীর জয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৩, ১৩ মে ২০২৬   আপডেট: ২০:৫৫, ১৩ মে ২০২৬
অ্যালিসের হ্যাটট্রিকসহ ৬ উইকেট, মৃতুঞ্জয়-রাব্বীর বোলিংয়ে মোহামেডান ও আবাহনীর জয়

ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ঢাকা লেপার্ডস।

পিকেএসপির ২ নম্বর মাঠে মোহামেডান স্রেফ উড়িয়ে দিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্সকে। ৮০ রানে বসুন্ধরাকে অলআউট করে ৮.১ ওভারে ম্যাচ জিতে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগের ম্যাচে ৫ উইকেট পেয়েছিলেন মৃতু্যঞ্জয় চৌধুরী। এই ম্যাচেও বাঁহাতি পেসার পেয়েছেন ৬ উইকেট। ৭.৫ ওভারে ১ মেডেনে ২২ রানে ৬ উইকেট নেন মৃতু্যঞ্জয়। এছাড়া রিশাদ ও সাইফ উদ্দিন পেয়েছেন ২টি করে উইকেট।

আরো পড়ুন:

জবাব দিতে নেমে মোহামেডানের দুই ওপেনার এনামুল ও নাঈম শেখ ঝড় তোলেন। এনামুল ২৮ বলে ৫০ এবং নাঈম ২১ বলে ৩১ রান করে দলকে ১০ উইকেটের জয় এনে দেন। মোহামেডানের এটি টানা চতুর্থ জয়।

টানা চতুর্থ জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও। তারা ১৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। আগে ব্যাটিং করে প্রাইম ব্যাংক ৬ উইকেটে ৩০৩ রান করে। জবাব দিতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৯ উইকেটে ১০৫ রানের বেশি করতে পারেনি।

ম্যাচের জয়ের নায়ক আলিস আল ইসলাম ৯.২ ওভারে ১ মেডেনে ২১ রানে ৬ উইকেট নেন। ম্যাচে হ্যাটট্রিকও করেছেন এই বৈচিত্র্যময় স্পিনার। সালমান হোসেন ইমন ও মাহফিজুল ইসলামকে এক ওভারে আউট করার পর পরের ওভারে ফিরে প্রথম বলে নেন আদিরুল ইসলাম আকাশের উইকেট।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। ৮ উইকেটে জয় পায় মোসাদ্দেক হোসেনের দল। বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাটিং করে রূপগঞ্জ টাইগার্স ১৪৭ রানে গুটিয়ে যায়। আবাহনী ২৫.৪ ওভারে লক্ষ্যে পৌছে যায় ২ উইকেট হারিয়ে। আবাহনীর জয়ের নায়ক মাহফুজুর রাব্বী পেয়েছেন ৫ উইকেট। এদিন ব্যাট হাতে রান পেয়েছেন সৌম্য সরকার। ৭৬ বলে ৬৫ রান আসে তার ব্যাটে। জাকের আলী করেন ৪৪ রান।

বৃষ্টি আইনে বাকি ৩ ম্যাচের ফয়সালা হয়েছে। ঢাকা লেপার্ডস ৬ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। ব্রাদার্স ইউনিয়ন ২৬ রানে জয় পায় সিটি ক্লাবের বিপক্ষে। এছাড়া অগ্রণী ব্যাংক ৭৭ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে।

ব্রাদার্সের হয়ে গোলাম কিবলিয়া শাকিল ৩১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন। আগে ব্যাটিং করে সিটি ক্লাব ২০৪ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে ৩৪.১ ওভারে ব্রাদার্স ৪ উইকেটে ১৫০ রান তোলে। ডি-এল মেথডে এগিয়ে থাকায় ব্রাদার্স পেয়ে যায় পূর্ণ ২ পয়েন্ট। লেপার্ডস ৬ উইকেটে হারায় গুলশান ক্রিকেট ক্লাবকে। আগে ব্যাটিংয়ে নেমে গুলশান ১৭৮ রানে অলআউট হয়। লেপার্ডস ৩৪.৪ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে।

অগ্রণী ব্যাংকের হয়ে সেঞ্চুরি করেছেন মাহফিজুল ইসলাম রবিন। ১৩৮ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১২৭ রান করেন। তার সেঞ্চুরির ওপর ভর করে অগ্রণী ব্যাংক ৭ উইকেটে ২৯৩ রান করে। জবাব দিতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটসশ্যানরা ভালো করতে পারেননি। ৬ উইকেটে ১৪৫ রান করে তারা। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ডিএল মেথডে পিছিয়ে থাকায় রূপগঞ্জ হেরে যায় সহজেই।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়