টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে খাল খনন শুরু
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের পারঝনঝনিয়ায় এলাকায় খাল খননের উদ্বোধন করা হয়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প এবং অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় সরকারিভাবে ঘোষিত খাল খনন, পুনঃখনন ও সংস্কার কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার ডুমরিয়া ইউনিয়নের পারঝনঝনিয়ায় কোদাল দিয়ে মাটি কেটে খাল খনেনর উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
১ হাজার ৮০০ মিটার দীর্ঘ এ খাল পুনঃখনন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৬ লাখ টাকা। প্রকল্পটি শ্রমিকের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। ইজিপিপি কর্মসূচির আওতায় এই সংস্কার কাজ সম্পন্ন হলে অত্র অঞ্চলের দীর্ঘদিনের নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধান হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধ এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হওয়ার ফলে কৃষি উৎপাদনে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে| উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা খনন এলাকা সরেজমিন পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেন, কৃষি ও পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ এলাকায় জলাবদ্ধতা নিরসন এবং সেচ সুবিধায় যুগান্তকারী ভূমিকা রাখবে। সরকারের এই অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবে এবং গ্রামীণ অর্থনীতি আরো শক্তিশালী হবে। এলাকার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ প্রকল্প।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার। এ সময় ডুমুরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নিজাম শেখ, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মমরেজ ফকির, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিজয় বাড়ুই প্রমুখ উপস্থিত ছিলেন |
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটে থাকায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। খাল খনন সম্পন্ন হলে কৃষিজমিতে পানি নিষ্কাশন সহজ হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা/বাদল/বকুল
ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি