যে কারণে বউয়ের চড় খেয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট
গত বছর বিদেশ সফরে বিমান থেকে নামার সময় ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁ তার স্বামী ইমানুয়েল ম্যাক্রোঁকে চড় মেরেছিলেন। ফরাসি প্রেসিডেন্ট এবং ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী গোলশিফতে ফারাহানির মধ্যে একটি উত্তেজক বার্তা আদান-প্রদানের ঘটনা ফার্স্টলেডি আবিষ্কার করার পরই এই ঘটনা ঘটে।
ফরাসি সাংবাদিক ফ্লোরিয়ান তারদিফের লেখা ‘অ্যান (অলমোস্ট) পারফেক্ট কাপল’ শিরোনামের একটি নতুন বইতে এই দাবি করা হয়েছে।
গত বছর এই দম্পতির ভিয়েতনাম সফরের সময় এই ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে, যা তাদের মধ্যে ফাটলের জল্পনা উস্কে দেয়। পরবর্তীতে এই দম্পতি গুজবটি অস্বীকার করে জানান, তারা কেবল ‘রসিকতা’ করছিলেন।
বুধবার বাজারে আসা বইটিতে দাবি করা হয়েছে, ৪৮ বছর বয়সী ম্যাক্রোঁ এবং ৪২ বছর বয়সী ফারাহানি বেশ কয়েক মাস ধরে ‘ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কে ছিলেন। ৭৩ বছর বয়সী ব্রিজিট বিমানে ভুলবশত ফরাসি প্রেসিডেন্টের ফোনে ওই ইরানি-ফরাসি অভিনেত্রীর পাঠানো বার্তাগুলো আবিষ্কার করেন।
আরটিএল রেডিওতে কথা বলতে গিয়ে তারদিফ জানান, ম্যাক্রোঁ ও ফারাহানির সম্পর্কটি ‘নিষ্কাম’ হলেও, কিছু কথোপকথন ‘অনেকটা সীমা ছাড়িয়ে গিয়েছিল।’
একটি বার্তায় ফারাহানি ম্যাক্রোঁকে বলেছিলেন, “আপনাকে আমার খুব আকর্ষণীয় মনে হয়।”
তারদিফের মতে, ম্যাক্রোঁও ফারাহানিকে বলেছিলেন, “তোমাকে আমার খুব সুন্দরী মনে হয়।”
গত বছরের মে মাসে ভিয়েতনামের হ্যানয়ে বিমান থেকে নামার ঠিক আগে ব্রিজিত তার স্বামীর ফোনে ফারাহানির পাঠানো একটি বার্তা পড়েন।
ওই ঘটনার কথা উল্লেখ করে তারদিফ আরটিএল রেডিওকে বলেন, “(এটি) দম্পতির মধ্যে উত্তেজনার সৃষ্টি করে, যার ফলে এই ব্যক্তিগত দৃশ্যটি জনসমক্ষে চলে আসে।”
ফার্স্ট লেডির ঘনিষ্ঠ এক ব্যক্তি মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে জানিয়েছেন, ব্রিজিট এই অভিযোগ ‘সুস্পষ্টভাবে অস্বীকার করেছেন’ যে, গত বছর তার স্বামীর সাথে তার ভাইরাল হওয়া মুহূর্তটি ওই অভিনেত্রীর সাথে তার স্বামীর কথিত সম্পর্কের কথা ফাঁস হওয়ার কারণেই ঘটেছিল।
ফরাসি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক ব্যক্তিও আমেরিকান প্রকাশনাটিকে জানিয়েছেন, ব্রিজিট ম্যাক্রোঁর দল এই অভিযোগগুলো অস্বীকার করেছে।
ঢাকা/শাহেদ
ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি