ঢাবিকে প্রাচ্যের অক্সফোর্ড বানিয়েছিলেন জিয়াউর রহমান: শিক্ষামন্ত্রী
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মঙ্গলবার ইউজিসির আয়োজিত কর্মশালায় বক্তব্য দেন ড. আ ন ম এহছানুল হক মিলন
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) ‘প্রাচ্যের অক্সফোর্ড’ হিসেবে গড়ে তুলেছিলেন”, বলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে তিনি উচ্চশিক্ষার সম্প্রসারণের পাশাপাশি গুণগত মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
দেশের উচ্চশিক্ষাখাতে বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়ার সময় ড. ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বে ১৯৯২ সালের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টের মাধ্যমে দেশে ১১৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ওপেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৭ দাঁড়িয়েছে।”
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা সংখ্যায় এগিয়ে গেলেও গুণগত মানে কতটা এগোতে পেরেছি, তা ভাবতে হবে।”
শিক্ষামন্ত্রী আরো বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছিলেন। দেশমাতা বেগম খালেদা জিয়াও শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীও একইভাবে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছেন।” আগামী দিনের শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।
ইউজিসি আয়োজিত এ কর্মশালার প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর: টেকসই উৎকর্ষের রূপরেখা’। কর্মশালায় সরকারের নীতিনির্ধারক, ইউজিসির সদস্য, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, কূটনীতিক, শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়নসংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন।
ঢাকা/সৌরভ/জান্নাত
লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ২ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার