ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রুয়েটে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে অভিযান, জরিমানা

রুয়েট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ১২ মে ২০২৬   আপডেট: ১৯:৩৭, ১২ মে ২০২৬
রুয়েটে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে অভিযান, জরিমানা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যৌথ অভিযান চালিয়েছে বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন:

রুয়েটের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাকের আহ্বানে পরিচালিত এ অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশ, খাবার সংরক্ষণের সঠিক পদ্ধতি অনুসরণ না করা এবং খাদ্যের মান বজায় রাখতে ব্যর্থ হওয়ার মতো নানা অনিয়ম ধরা পড়ে।

অভিযানের সময় কালিযুক্ত কাগজের প্যাকেট, বাসি খাবার এবং অনুমোদনহীন ফুড কালার জব্দ করা হয়। এ কারণে ফটিক জলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। চারু আড্ডা, বাইটস অ্যান্ড ব্রিউ লাইফ বেকারি এবং রুয়েট ক্যাফেটেরিয়াকে ২ হাজার টাকা করে সতর্কতামূলক অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া, খাবারে পোকা পাওয়াসহ বিভিন্ন অভিযোগে বাংলা টিফিন ক্যান্টিনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। শহীদুলের টং থেকে কালিযুক্ত কাগজের প্যাকেট জব্দ করে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী, রাজশাহীর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামাণিক এবং বিএসটিআইয়ের ইনস্পেক্টিং অফিসার ইঞ্জিনিয়ার জোনায়েদ আহমেদ। রুয়েট প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার।

অভিযান সম্পর্কে ফজলে এলাহী বলেন, “রুয়েট ক্যাম্পাসে রুয়েট কর্তৃপক্ষ, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। জুস বার থেকে শুরু করে শিক্ষার্থীদের খাবারের সব স্থান পরিদর্শনের চেষ্টা করেছি। কয়েকটি প্রতিষ্ঠানে নিয়মের ব্যত্যয় পাওয়া গেছে। তাদের সতর্কতামূলকভাবে আর্থিক দণ্ড দেওয়া হয়েছে।”

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার বলেন, “উপাচার্য মহোদয়ের নির্দেশে আজকের এ অভিযান পরিচালিত হয়েছে। শিক্ষার্থীদের জন্য রুচিসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করা রুয়েট প্রশাসনের অগ্রাধিকার। নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” পাশাপাশি যেকোনো সমস্যা বা অভিযোগ দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

অভিযানকে ইতিবাচকভাবে দেখলেও খাবারের মান ও মনিটরিংয়ের ধারাবাহিকতা বজায় থাকবে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী।

ঢাকা/হাফিজ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়