ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যার আসামিকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ১২ মে ২০২৬  
কুমিল্লায় যুবলীগ নেতা হত্যার আসামিকে কুপিয়ে হত্যা

নিহত আবদুল লতিফ।

কুমিল্লার তিতাস উপজেলার আলোচিত যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা হত্যার আসামি আবদুল লতিফকে (৫০) কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিককান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে তাকে কোপানো হয়।

আবদুল লতিফ মানিককান্দি গ্রামের বাসিন্দা। তিনি ২০২২ সালে আলোচিত যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার আসামি ছিলেন। তিন দিন আগে তিনি জামিনে কারাগার থেকে মুক্ত হয়ে এলাকায় আসেন।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সঙ্গে সাইফুল মেম্বারের লোকজনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে ২০২২ সালের ৬ ডিসেম্বর আবুল হোসেন মোল্লার ছেলে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। আবদুল লতিফ ওই মামলার আসামি ছিলেন। এ মামলায় তিনি কারাগারে ছিলেন। 

পুলিশ জানায়, সোমবার রাতে তিন রাস্তার মোড়ে প্রতিপক্ষের লোকজন লতিফের ওপর হামলা চালায়। তাকে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আবদুল লতিফকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

ঢাকা/রুবেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়