ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অনুপ্রবেশ রোধে আসাম মডেল অনুসরণের ঘোষণা শুভেন্দুর 

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ১২ মে ২০২৬   আপডেট: ২০:৩৮, ১২ মে ২০২৬

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে  ‘আসাম মডেল’ অনুসরণ করার ঘোষণা দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার (১২ মে) আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শপথ অনুষ্ঠানে যাওয়ার পরে সাংবাদিকদের কাছে তিনি এ ঘোষণা দিয়েছেন।

আসামের গোয়াহাটি বিমানবন্দরে স্থানীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু সীমান্ত সুরক্ষার উপর জোর দেন। অনুপ্রবেশ রুখতে হিমন্ত বিশ্বশর্মার অভিজ্ঞতাকেই হাতিয়ার করে চলতে চান বলেও জানান শুভেন্দু। 

হিমন্ত বিশ্বকে বড় ভাই হিসাবে সম্বোধন করে শুভেন্দু বলেন, “ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ওনার অনেক অভিজ্ঞতা। সেটা আমি কাজে লাগাব। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত করতে আসাম যে পদক্ষেপ নিয়েছে, পশ্চিমবঙ্গেও সেই কাজ করা দরকার।”

শুভেন্দুর অভিমত, রাষ্ট্রবাদ এবং দেশের কল্যাণে যে কাজ আসাম ও ত্রিপুরায় হয়েছে বাংলাতেও সেই কাজ সম্পূর্ণ করবে বিজেপি। 

শপথ নেওয়া পাঁচ মন্ত্রীদের সাথে সোমবারই ক্যাবিনেট বৈঠক করেন শুভেন্দু। আর সেখানেই বাংলাদেশের সাথে অরক্ষিত সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া দেওয়ার কথা ঘোষণা দেন শুভেন্দু। আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি হস্তান্তর করার জন্য রাজ্যের মুখ্য সচিব এবং ভূমি রাজস্ব দপ্তরের সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। 

এদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষনার পরেই উচ্ছ্বাস দেখা যায় সীমান্তবাসীর মধ্যে। মালদহ জেলায় বিএসএফের মালদা সেক্টরে ৭১ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। তার মধ্যে প্রায় ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই। এই এলাকাগুলো মূলত জেলার বৈষ্ণবনগর, কালিয়াচক, ইংরেজবাজার, মালদা, হবিবপুর ও বামন গোলা থানা এলাকায় অবস্থিত। 

বৈষ্ণব নগর থানার সুখদেবপুরের বাসিন্দাদের অভিমত, কাঁটাতার লাগালে এই এলাকা দিয়ে অনুপ্রবেশ, পাচার, চোরাচালানের মতো নাশকতা বন্ধ হবে।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়