পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবিতে দ্বিতীয় দিনের কর্মসূচি
পটুয়াখালী(উপকূল)প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভিসির অপসারণ এবং আন্দোলনকারীদের ওপর হামলার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মসূচির কারণে বন্ধ রয়েছে পাঠদান, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।
মঙ্গলবার (১২ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বক্তব্য দেন অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম ও অধ্যাপক আতিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
এ সময় দুমকি উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা রিপন শরীফের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে অন্তত ১০ জন শিক্ষক আহত হন।
এ ঘটনার পর বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষকরা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। একই দিন রেজিস্ট্রার অধ্যাপক মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক জরুরি নোটিশে সব পরীক্ষা, ক্লাস এবং প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।
অন্যদিকে, হামলার ঘটনার পরপরই উপজেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল।
অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম বলেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা অবিলম্বে ভিসির প্রত্যাহার চাই।”
অধ্যাপক আতিকুর রহমান বলেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এটি আমাদের ডিন কাউন্সিলের সিদ্ধান্ত।”
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম উদ্দীন বলেন, “গতকালের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে আজও শিক্ষকরা কর্মসূচি পালন করেছেন।”
প্রসঙ্গত, সোমবার (১১ মে) সকালে পাঁচ শিক্ষককে শোকজ প্রদানসহ নানা অনিয়মের অভিযোগ তুলে পবিপ্রবির উপাচার্য ড. কাজী রফিকুল ইসলামের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
ঢাকা/ইমরান/জান্নাত
লিবিয়ায় ভূমধ্যসাগরের তীর থেকে ২ বাংলাদেশির মৃতদেহ উদ্ধার