ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাবনায় ইউপি মার্কেটের পজিশন বরাদ্দ নিয়ে সংঘর্ষ, আহত ১০

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ১২ মে ২০২৬  
পাবনায় ইউপি মার্কেটের পজিশন বরাদ্দ নিয়ে সংঘর্ষ, আহত ১০

সংঘর্ষে আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

পাবনার সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন পরিষদের নবনির্মিত মার্কেটের পজিশন বা দোকান বরাদ্দ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে ব্যবসায়ীদের দ্বন্দ্বে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার টেবুনিয়া বাজার মসজিদের সামনে সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। 

আরো পড়ুন:

আহতরা হলেন ‎মো. রোকন (৩৭), মোবিন উদ্দিন (৪৫), সজিবুল ইসলাম মাহিম (১৭), ওসমান গণী (৫৫), ‎মো. মারুফ হাসান জয় (২৪) ও মো. রানা (৩৫), রানা (৪০), ‎সাইফুল ইসলাম (২২),  শফি (৪০) ও মোহাম্মাদ আলী (৪৫)। 

স্থানীয় ও ব্যবসায়ীরা জানান, টেবুনিয়া বাজার জামে মসজিদের সামনে মালিগাছা ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন ভেঙে নতুন মার্কেট নির্মাণ করছেন চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী। নবনির্মিত মার্কেটের পজিশন নিয়ে শুরু থেকে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন চেয়ারম্যান। মার্কেটের নকশা প্রকাশ না করা, পজিশন ক্রেতা ও পূর্বের ঘর মালিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় এবং কৌশলে পজিশন কমিয়ে কোটি টাকা মূল্যে পজিশন বিক্রির অভিয়োগ ওঠে। ভুক্তভোগীরা চেয়ারম্যান ও তার পেটুয়া সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও থানার ওসি বরারব লিখিত অভিযোগ দিয়েছেন। 

আহত ব্যবসায়ী ও মার্কেটের পজিশন মালিক গার্মেন্টস ব্যবসায়ী ফরহাদ জামান রুবেল, গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মারুফ হাসান ও গ্যাস ব্যবসায়ী রানা জানান, মঙ্গলবার দুপুরে তারা জানতে পারেন, নবনির্মিত ইউপি মার্কেটে তাদের পজিশনের দৈর্ঘ্য-প্রস্থ কমিয়ে দিয়েছেন চেয়ারম্যান। এ বিষয়ে চেয়ারম্যানের কাছে জানতে গেলে নকশা না দেখিয়ে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। এক পর্যায়ে তাদের মারধর করেন চেয়ায়ারম্যান ও তার লোকজন। খবর পেয়ে অন্য ব্যবসায়ী ও স্বজনরা ছুটে আসলে উভয়গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। তাদের মধ্যে কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মার্কেট নিয়ে কোনো কথা চেয়ারম্যানকে বলা যায় না। বলতে গেলে চেয়ারম্যান মুন্তাজ, তার ভাই মোহাম্মদ ও তাদের সন্ত্রাসী বাহিনী হামলা চালায়, মারপিট করে। কাশবন নামে একটি মিষ্টির দোকান মালিকের কাছে কোটি টাকা নিয়ে তার সুবিধামতো বড় করে পজিশন করে দিচ্ছেন চেয়ারম্যান। 

ভুক্তভোগী ব্যবসায়ী রোকন বলেন, ‘‘চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ দিয়েছি। এসি ল্যান্ডকে দায়িত্ব দেওয়া হলেও কোনো সুরাহা হয়নি। আমি অভিযোগ দেওয়ায় আগেও আমাকে মারপিট ও হুমকি ধামকি দিয়েছে। এরই জের ধরে আজও ওই সন্ত্রাসী বাহিনী আমাদের আঘাত করেছে। আমরা সুষ্ঠু বিচার চাই।’’  

এ ব্যাপারে মালিগাছা ইউপি চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী বলেন, ‘‘আমার বিরুদ্ধে একটি পক্ষ সবসময় ষড়যন্ত্রে লিপ্ত। ইউপি মার্কেট স্থানীয় সরকারের নিয়মনীতি অনুসরণ করে করা হচ্ছে। যারা পজিশন কিনেছেন, আর যারা পুরনো মার্কেটের মালিক, তাদের সরেজমিন ও বাস্তবতার আলোকে পজিশন বুঝিয়ে দেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম করা হয়নি। মারামারির বিষয়টি অনাকাঙ্ক্ষিত।’’ 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়