আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে মুমিনুল ও নাজমুলের প্রতিরোধ
স্কোর: বাংলাদেশ ৫৭/২ (লিড ৮৪ রান)
শাহীন শাহ আফ্রিদির ফুল লেন্থ বল পায়ের ওপরে পেয়ে ফ্লিক করে মিড উইকেট দিয়ে চার হাঁকালেন নাজমুল হোসেন শান্ত। পরের বল একটু টেনে দিয়েছিলেন শাহীন। এবারও একই শট। একই জায়গা দিয়ে আরেকটি চার। এর আগে হাসান আলীকে অনড্রাইভে চার মেরেছিলেন চোখ জুড়ানো শটে।
প্রথম ঘণ্টায় দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটিতে মিলেছে স্বস্তি। মুমিনুলকে সঙ্গে নিয়ে নাজমুল গড়েছেন জুটি। এরই মধ্যে দলের রান পঞ্চাশ ছাড়িয়েছে। লিড প্রায় একশর কাছাকাছি। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দলের রান এগিয়ে নিচ্ছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান।
প্রথম ঘণ্টাতে দুই উইকেট নেই বাংলাদেশের
প্রথম ইনিংসে হাসান আলীর বলে আউট হয়েছিলেন সাদমান ইসলাম। দ্বিতীয় ইনিংসেও গল্পটা পাল্টাল না।
ডানহাতি পেসারের আচমকা লাফিয়ে উঠা বলে ব্যাট সরাতে পারেননি সাদমান। বল চলে যায় দ্বিতীয় স্লিপে সৌদ শাকিলের হাতে। তিনি কোনো ভুল করেননি। প্রথম ওভারেই হাসান আলী পাকিস্তানকে এনে দিলেন সাফল্য। উইকেটে নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
মাহমুদুলকে শুরুতে হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ
ভালো কিছুর আশায় সোমবার চতুর্থ দিনের খেলা শুরু করেছিলেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। কিন্তু উদ্বোধনী জুটি পারেনি প্রতিরোধ গড়তে।
ডানহাতি ওপেনার মাহমুদুল পেসার মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন দিনের শুরুতেই। তার দ্রুতগতির বল মাহমুদুলের প্যাডে আঘাত করে। আম্পায়ার পাকিস্তানের আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন। রিভিউ নিয়ে বাঁচতে চেয়েও পারেননি ৫ রান করা মাহমুদুল। প্রথম ইনিংসে মাত্র ৮ রানে ফিরেছিলেন তিনি। এবারও ফিরলেন সিঙ্গেল ডিজিটে।
৭ রানে চতুর্থ দিনের খেলা শুরু করেছিলেন মাহমুদুল ও সাদমান। সকালের সেশন খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচের চিত্রনাট্য লিখে দিতে পারে এই সেশন। বাংলাদেশ প্রতিরোধ গড়ে তুলতে পারলে নিয়ন্ত্রণ নিতে পারবে। যদি ব্যাটসম্যানরা ভালো করতে না পারে তাহলে বিপদ ডেকে আনবে।
উইকেটে সাদমানের নতুন সঙ্গী মুমিনুল হক।
ঢাকা/ইয়াসিন