শার্শায় ট্রাকের ধাক্কায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
যশোরের শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি মারা গেছেন। সোমবার (১১ মে) সকালে দুর্ঘটনার শিকার হন তারা।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- শার্শা উপজেলার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) ও আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি গোপাল কর্মকার জানান, আজ সকালে শাহিন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে তা বিক্রির জন্য তোফাজ্জেলের মোটরসাইকেলে করে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। মহাসড়কের গিলাপোল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল মারা যান।
তিনি আরো জানান, দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যান। পুলিশ মরদেহ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়েছে।
ঢাকা/রিটন/মাসুদ