বেঞ্চে এমবাপ্পে, গ্যালারিতে দুয়ো -বিস্ফোরক দাবি ফরাসি তারকার
মৌসুমজুড়ে হতাশা, শিরোপাহীন বছর আর সমর্থকদের ক্ষোভ; সব মিলিয়ে অস্থির সময় পার করছে রিয়াল মাদ্রিদ। আর সেই অস্থিরতার কেন্দ্রবিন্দুতে এবার উঠে এলেন কিলিয়ান এমবাপ্পে। বেঞ্চে বসিয়ে রাখা, মাঠে নামার পর গ্যালারি থেকে দুয়ো, এরপর কোচকে ঘিরে বিস্ফোরক মন্তব্য; সব মিলিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ২-০ গোলের জয়ে শুরুর একাদশে ছিলেন না এমবাপ্পে। ম্যাচের ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এর আগেই গনসালো গার্সিয়া দলকে এগিয়ে দিয়েছিলেন। তবে মাঠে নামার সময় সান্তিয়াগো বার্নাব্যু গ্যালারি থেকে তীব্র বাঁশি ও দুয়ো শুনতে হয় ফরাসি এই তারকাকে।
ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে এমবাপ্পে জানান, কোচ আলভারো আরবেলোয়া তাকে বলেছেন, দলে তিনি এখন চতুর্থ পছন্দের ফরোয়ার্ড।
এমবাপ্পে বলেন, “কোচ আমাকে বলেছেন, মাস্তানতুয়োনো, ভিনিসিয়ুস জুনিয়র ও গনসালোর পর আমি চতুর্থ পছন্দের ফরোয়ার্ড। আমি সেটা মেনে নিয়েছি এবং যত সময় পেয়েছি, খেলেছি। আমার মনে হয়, আমি ভালোই খেলেছি।”
চোটের কারণে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো মিস করেছিলেন এমবাপ্পে। তবে নিজের শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, তিনি শতভাগ ফিট ছিলেন এবং শুরুর একাদশে নামার জন্য প্রস্তুতও ছিলেন।
তবে এমবাপ্পের এমন মন্তব্যের কিছুক্ষণ পরই সংবাদ সম্মেলনে তার বক্তব্য অস্বীকার করেন আরবেলোয়া।
রিয়াল কোচ বলেন, “আমার যদি চারজন ফরোয়ার্ড থাকত, তাহলে ভালোই হতো। কিন্তু আমি কখনও এমবাপ্পেকে বলিনি যে সে চতুর্থ পছন্দের ফরোয়ার্ড। হয়তো সে আমাকে ভুল বুঝেছে।”
তিনি আরও বলেন, চোট কাটিয়ে মাত্র কয়েকদিন আগে ফেরা একজন খেলোয়াড়কে সরাসরি শুরুর একাদশে নামানো যুক্তিযুক্ত ছিল না। তার মতে, পরিস্থিতি বিবেচনায় বেঞ্চে রাখাটাই ছিল সবচেয়ে স্বাভাবিক সিদ্ধান্ত।
সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার সময় সংক্ষিপ্ত ছুটিতে যাওয়ার কারণে সমর্থক ও সংবাদমাধ্যমের সমালোচনার মুখে পড়েছিলেন এমবাপ্পে। পরে এল ক্লাসিকোতেও খেলতে না পারায় ক্ষোভ আরও বাড়ে।
তবে সমর্থকদের দুয়ো নিয়ে খুব বেশি প্রতিক্রিয়া দেখাননি তিনি।
এমবাপ্পে বলেন, “এটাই জীবন। মানুষ রাগ করলে তাদের মন বদলানো যায় না। আমি ব্যক্তিগতভাবে নিচ্ছি না। রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হলে এমন পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হয়।”
মৌসুম নিয়ে হতাশাও প্রকাশ করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। তার মতে, মৌসুমের শুরুটা ভালো হলেও দ্বিতীয় ভাগে দল নিজেদের কাঠামো ও খেলার ধরন হারিয়ে ফেলেছে।
তিনি বলেন, “আমাদের একটা খেলার ধরন ছিল, একটা কাঠামো ছিল। কিন্তু আমরা সেটা হারিয়ে ফেলেছি। এটা খুব কষ্ট দেয়।”
তবে সাবেক কোচ জাবি আলোনসোর সঙ্গে নিজের সম্পর্ক দারুণ ছিল বলেও জানান এমবাপ্পে। একইসঙ্গে বর্তমান কোচ আরবেলোয়ার সঙ্গেও কোনো সমস্যা নেই বলে দাবি করেন তিনি।
এমবাপ্পের ভাষায়, “প্রত্যেক কোচের নিজস্ব দর্শন থাকে। আমাকে আরও ভালো হতে হবে, যাতে গনসালো, মাস্তানতুয়োনো ও ভিনির চেয়ে এগিয়ে গিয়ে আবার নিয়মিত খেলার সুযোগ পাই।”
মৌসুমে এখনও ২টি লিগ ম্যাচ বাকি রিয়ালের। সেভিয়ার মাঠে খেলতে যাওয়ার পর শেষ ম্যাচে অ্যাথলেটিক ক্লাবকে আতিথ্য দেবে মাদ্রিদের ক্লাবটি।
ঢাকা/আমিনুল
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ জনের মৃত্যু