ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিনের পতাকা হাতে ইয়ামাল, ক্ষুব্ধ ইসরাইল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ১৫ মে ২০২৬  
ফিলিস্তিনের পতাকা হাতে ইয়ামাল, ক্ষুব্ধ ইসরাইল

লা লিগা শিরোপা জয়ের আনন্দে উৎসব করছিল বার্সেলোনা। শহরের রাস্তাজুড়ে ছিল উল্লাস, গান আর লাখো সমর্থকের ঢল। কিন্তু সেই আনন্দময় উৎসবের মাঝেই একটি দৃশ্য ছড়িয়ে দেয় নতুন বিতর্ক। ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালকে। আর সেটিকেই কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা।

মাত্র ১৮ বছর বয়সী ইয়ামাল খোলা বাসে দাঁড়িয়ে বড় একটি ফিলিস্তিনি পতাকা নাড়াচ্ছিলেন। লা লিগা জয়ের পর সোমবার বার্সেলোনার বিজয় শোভাযাত্রায় অংশ নেয় দলটি। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেই শোভাযাত্রায় প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেয়।

আরো পড়ুন:

মুসলিম ধর্মাবলম্বী ইয়ামাল পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও পতাকা হাতে তোলা ছবি প্রকাশ করেন।

তবে এই ঘটনাকে ভালোভাবে নেয়নি ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইয়ামালের কঠোর সমালোচনা করেন। তার অভিযোগ, ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ইয়ামাল ইসরাইলবিরোধী ঘৃণা উসকে দিয়েছেন।

ইসরাইল কাটজ লেখেন, “আমাদের সেনারা যখন হামাসের বিরুদ্ধে লড়াই করছে, তখন লামিন ইয়ামাল ইসরাইলের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর পথ বেছে নিয়েছে।”

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রসঙ্গ টেনে তিনি আরও নানা অভিযোগ তোলেন।

অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইয়ামালের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ইয়ামাল শুধু সেই সংহতির প্রকাশ করেছেন, যা স্পেনের লাখো মানুষ ফিলিস্তিনের প্রতি অনুভব করে।

এক্সে দেওয়া এক বার্তায় সানচেজ বলেন, “কোনো সার্বভৌম রাষ্ট্রের পতাকা ওড়ানোকে যারা ঘৃণা ছড়ানো মনে করে, তারা হয় বাস্তবতা থেকে বিচ্ছিন্ন, নয়তো নিজেদের সংকীর্ণতায় অন্ধ হয়ে গেছে।”

২০২৩ সালে হামাসের আকস্মিক হামলার জবাবে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে বাড়ছে সমালোচনা। সেই প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও।

ফুটবল, সাইক্লিং ও বাস্কেটবলেও দেখা গেছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন বিক্ষোভ। গত বছর স্পেনের বিখ্যাত সাইক্লিং প্রতিযোগিতা ভুয়েলতাতেও ইসরাইল-সমর্থিত একটি দলের অংশগ্রহণের প্রতিবাদে কয়েকবার খেলা বাধাগ্রস্ত হয়।

এছাড়া ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে এবারের ইউরোভিশন গানের প্রতিযোগিতাও বয়কট করছে স্পেনসহ ৫টি দেশ।

সব বিতর্কের মাঝেও ফুটবলে নিজের উত্থান থামছে না ইয়ামালের। আগামী মাসে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপেও স্পেনের অন্যতম বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে এই তরুণ তারকাকে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়