রাস্তায় জুমার নামাজ আদায় নিয়ে কলকাতায় উত্তেজনা
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
জুমার নামাজকে কেন্দ্র করে শুক্রবার ( ১৫ মে) উত্তেজনা ছড়িয়েছে কলকাতায়। কলকাতার রাজাবাজার ক্রসিং এলাকায় রাস্তায় নামাজ আদায় নিয়ে হুলস্থুল কাণ্ড বাঁধে। পুলিশের সঙ্গে রীতিমতো তর্ক হয় রাজাবাজারের মুসলিম যুবকদের।
জুমার সময় কিছু যুবক রাস্তায় নামাজ পড়তে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যুবকদের বক্তব্য, রাস্তাতেই নমাজ পাঠ করবেন তারা। পুলিশি বাঁধা মানবেন না।
পুলিশ জানিয়েছে, ওই যুবকরা রীতিমতো তেড়ে এসে বলেন, “আমরা কিছু জানি না, রাস্তার উপরই নমাজ পড়ব।” এই ঘটনা ঘিরে মুসলিম অধ্যুষিত রাজাবাজারের ওই এলাকায় চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারাও। পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জনবহুল রাস্তায় এভাবে নামাজ পড়ার ফলে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের সমস্যার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, ক্ষমতায় বসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, রাস্তার উপর কোনোভাবে নামাজ পড়া বরদাস্ত করা হবে না। এমনকি কোনো ধর্মীয় স্থান থেকে লাউড স্পিকারের আওয়াজ যেন বাইরে না যায়।
ঢাকা/সুচরিতা/শাহেদ
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ জনের মৃত্যু