ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্টার সিনেপ্লেক্সে ভয়ংকর তুর্কি সিনেমা ‘সিজ্জিন ৯’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ১৫ মে ২০২৬  
স্টার সিনেপ্লেক্সে ভয়ংকর তুর্কি সিনেমা ‘সিজ্জিন ৯’

‘সিজ্জিন ৯’ সিনেমার পোস্টার

তুরস্কের বহুল আলোচিত হরর ফ্র্যাঞ্চাইজি ‘সিজ্জিন’। শুক্রবার (১৫ মে) আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে এ ফ্র্যাঞ্চাইজির নবম কিস্তি ‘সিজ্জিন ৯’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও প্রদর্শিত হচ্ছে ভয়ংকর এই সিনেমা। মুক্তির আগেই পরিচালক আলপার মেসতচি নির্মিত সিনেমাটি হররপ্রেমীদের মধ্যে তুমুল কৌতূহল তৈরি করেছে। 

তুর্কি হরর ঘরানার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘সিজ্জিন’ বরাবরই দর্শকদের সামনে হাজির করেছে জিন, কালোজাদু, অভিশাপ ও অতিপ্রাকৃত আতঙ্কের এক অন্ধকার জগৎ। বাস্তবধর্মী নির্মাণশৈলী, ধর্মীয় লোকবিশ্বাস এবং মানসিক ভয়ের আবহের কারণে সিরিজটি আন্তর্জাতিক হরর দর্শকদের কাছেও আলাদা জনপ্রিয়তা পেয়েছে। অনলাইন হরর কমিউনিটিগুলোতে ‘সিজ্জিন’-কে অনেকেই আখ্যা দেন ‘ডার্কেস্ট ইসলামিক হরর ফ্র্যাঞ্চাইজি’ হিসেবে। 

আরো পড়ুন:

নবম কিস্তির গল্প আবর্তিত হয়েছে বহু বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর পারিবারিক অভিশাপকে ঘিরে। রহস্যজনক এক মৃত্যুর পর সামনে আসে অতীতের রক্তাক্ত এক হত্যাকাণ্ডের ঘটনা। নিজের সন্তানকে রক্ষা করতে গিয়ে এক মা আশ্রয় নেয় নিষিদ্ধ কালোজাদুর। কিন্তু সেই সিদ্ধান্তই খুলে দেয় অশুভ শক্তির দরজা। 

গল্পের কেন্দ্রীয় চরিত্র কেমাল। বাবাকে কখনো না দেখেই বড় হওয়া এই যুবক একসময় ফিরে আসে তার পৈতৃক বাড়িতে। সেখানে গিয়ে ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে পরিবারের ভয়ংকর গোপন ইতিহাস। পুরোনো বাড়ির অন্ধকার দেয়াল, অদ্ভুত আচার, জিনের উপস্থিতি এবং প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এক রক্তাক্ত অভিশাপ তাকে টেনে নেয় আতঙ্কের গভীরে। এরপর শুরু হয় মৃত্যু, বিভীষিকা ও অতিপ্রাকৃত শক্তির ভয়াল খেলা। 

২০১৪ সালে মুক্তি পায় ‘সিজ্জিন’-এর প্রথম পার্ট। এরপর থেকেই সিরিজটি তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। নির্মাতা আলপার মেসতচি এর আগে দাব্বে সিরিজ দিয়ে আলোচনায় এলেও ‘সিজ্জিন’ তাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি এনে দেয়। 

হলিউডের প্রচলিত জাম্প-স্কেয়ার নির্ভর হররের বাইরে গিয়ে ‘সিজ্জিন’ সিরিজে তুর্কি ও ইসলামিক লোকবিশ্বাসকে তুলে ধরা হয়েছে ভিন্ন মাত্রায়। জিন, রুকাইয়া, কালোজাদু, কবর, পারিবারিক পাপ ও আধ্যাত্মিক আতঙ্ককে কেন্দ্র করে নির্মিত হওয়ায় এই সিরিজ দর্শকদের কাছে আরো বাস্তব ও অস্বস্তিকর অনুভূতি তৈরি করে। 

গত এক দশকে ‘সিজ্জিন’ তুরস্কের সবচেয়ে সফল সুপারন্যাচারাল হরর ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে ‘সিজ্জিন ৯’-এর ট্রেইলার ও প্রথম দিকের দর্শক প্রতিক্রিয়াও সিনেমাটি নিয়ে আগ্রহ বাড়িয়েছে। সামাজিক মাধ্যমে এক দর্শক লিখেছেন, “এটি হয়তো পুরো সিরিজের সবচেয়ে ভয়ংকর অধ্যায় এটি।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়