বাকেরগঞ্জে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন চারজন।
শুক্রবার (১৫ মে) বেলা সাড়ে ৩টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হালিম হাওলাদার (৭০) ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
আহতরা হলেন- হালিমের ছোট ভাই মালেক হাওলাদার (৬৫), দেলোয়ার হাওলাদার (৫০), ভাগ্নে মিজানুর রহমান (৪০) এবং খবির শিকদার (৫০)।
প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, দেলোয়ারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার রিপন হাওলাদার, আউয়াল মেম্বার, সুমন হাওলাদার, উজ্জ্বল গ্রুপের সঙ্গে বিরোধ চলে আসছিল। শুক্রবার দেলোয়ার হাওলাদার বিরোধপূর্ণ জমিতে বালু ভরাটের চেষ্টা করলে রিপন ও আউয়াল মেম্বারের নেতৃত্বে ২৫-৩০ জন দেশীয় ধারালো অস্ত্র, রড, বাঁশ, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হালিম হাওলাদারকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, “জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় হালিম হাওলাদার নামে একজন নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ঢাকা/পলাশ/রাজীব
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ জনের মৃত্যু