ঢাকা     শনিবার   ১৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মিরপুরে শাহ আলী মাজারে হামলার ঘটনায় এনসিপির নিন্দা

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ১৬ মে ২০২৬  
মিরপুরে শাহ আলী মাজারে হামলার ঘটনায় এনসিপির নিন্দা

মিরপুরে ঐতিহ্যবাহী শাহ আলী মাজার এলাকায় সংঘটিত হামলা ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা প্রকাশ করেছে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা।

শনিবার (১৬ মে) এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সদস্য সচিব (দপ্তর সম্পাদক) আবদুল্লাহ আল মনসুর স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

বার্তায় জানানো হয়, ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থানে এ ধরনের হামলা শুধু আইনশৃঙ্খলার অবনতি নির্দেশ করে না, বরং এটি সামাজিক সম্প্রীতি, সহাবস্থান ও জননিরাপত্তার জন্যও অশনি সংকেত। এনসিপি মনে করে,  কোনো মতপার্থক্য কিংবা চর্চাকে কেন্দ্র করে সহিংসতা ও হামলার পথ কখনো গ্রহণযোগ্য হতে পারে না।

বার্তায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

বার্তায় আরো বলা হয়, এনসিপির ঢাকা মহানগর উত্তর মনে করে, মাজারকে কেবল একটি ধর্মীয় উপাসনা বা চর্চার কেন্দ্র হিসেবে দেখার পরিবর্তে, এটি যেন ধর্ম, গোত্র ও মতভেদ নির্বিশেষে সব মানুষের জন্য সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সম্প্রীতির একটি উন্মুক্ত কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, সে বিষয়ে গুরুত্বারোপ করা জরুরি। যুগ যুগ ধরে এ ধরনের স্থান  সমাজে পারস্পরিক সহাবস্থান, শ্রদ্ধাবোধ ও মানবিক সংযোগের প্রতীক হিসেবে ভূমিকা পালন করে এসেছে।

একইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থী, ভক্ত ও সাধারণ মানুষের জন্য মাজার এলাকাকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও সহনশীল আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এসব কেন্দ্রকে ঘিরে যেন ভয়, সহিংসতা বা বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি না হয় তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ উভয়েরই দায়িত্ব বলে বার্তায় উল্লেখ করা হয়। 

ঢাকা/রায়হান//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়