‘মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই’
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, “মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষীদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তাদের নিরাপত্তার বিষয়টি ট্রাইব্যুনালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।”
শনিবার (১৬ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবীন সদস্যদের নিয়ে আয়োজিত কর্মশালার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, “একজন আসামি যত শক্তিশালী হোক না কেন, কিংবা তিনি কোন রাজনৈতিক দলের—আমরা সেটা দেখি না। ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে কাজ করে।”
তিনি বলেন, “সারা দেশের গুম-খুন ও ক্রসফায়ারে নিহত ব্যক্তিদের মামলার তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধে ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত সেল আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, বাংলাদেশের যেকোনো প্রান্তে অপরাধ ঘটুক না কেন আমরা সেটা তুলে নিয়ে আসতে পারি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করছে।”
ঢাকা/রাসেল/রাজীব