মিঠুনের বাড়িতে সৌজন্য সাক্ষাতে গেলেন শুভেন্দু
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
অসুস্থ শরীর নিয়ে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে একটানা প্রচার করেছেন মিঠুন। বৈঠকের পর বৈঠক করেছেন দলীয় কর্মীদের সঙ্গে। মুখ্যমন্ত্রী হওয়ার পর মিঠুনকে কৃতজ্ঞতা জানাতে ভুললেন না শুভেন্দু।
শনিবার নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে তার সঙ্গে দেখা করতে যান শুভেন্দু। সৌজন্য সাক্ষাৎ শেষে বিজেপিতে মিঠুনের ভূমিকা নিয়ে দরাজ প্রশংসা শোনা গেল নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে।
শুভেন্দু বলেন ,“মিঠুনদা বলেছিলেন দেখা করতে চান। আমি বলেছিলাম আপনি না,আমি আসব। বাংলার হৃতগৌরব ফিরিয়ে আনার জন্য, এখানকার রাষ্ট্রবাদীদের বাঁচানোর জন্য, এখানকার মা-বোনদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। পরিশ্রমের কোনো সীমা ছিল না।”
মিঠুনের অবদানের কথা তুলে ধরে শুভেন্দু বলেন, “এই ভোটেও সর্বোচ্চ র্যালি, সভা, রোড শো করেছেন। এমনকী নির্বাচনের আগে ৮ থেকে ১০ মাস ধরে ইন্ডোর মিটিং করেছেন। মিঠুনদাকে কোনো সাংগঠনিক পদ দিলেও নেন না। কিন্তু তিনি মাইক্রো লেভেলে কাজ করেছেন এক বছর ধরে। আজ আমি জনগণের আশীর্বাদে মুখ্যমন্ত্রী হয়েছি। কিন্তু নেপথ্য কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকারের ভিত্তিতে যে কটা নাম আসে তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম।”
পাল্টা মিঠুন বলেন, “আমি গ্যারান্টি দিয়ে বলছি শুভেন্দুর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারেন না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন। আমরা আশীর্বাদধন্য ওনাকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়ে। আগামীতে একের পর এক লড়াই লড়বে এই যোদ্ধা। আর আমি তো রইলাম পিছনে।”
ঢাকা/সুচরিতা/শাহেদ