ঢাকা     শনিবার   ১৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাড়ির পাশের বাগানে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ১৬ মে ২০২৬  
বাড়ির পাশের বাগানে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকার চুক্কা বাড়ি গ্রাম থেকে কবির হোসেন (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) সকালে বাড়ির পাশের আকাশমণি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কবির হোসেন ওই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।

আরো পড়ুন:

স্থানীয়দের ভাষ্য, ভোরে বাগানের একটি আকাশমণি গাছের ডালে কবির হোসেনের লাশ রশিতে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। শ্রীপুর মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, গত রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান কবির হোসেন। কিন্তু, গভীর রাত থেকে তাকে আর ঘরে পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশের বাগানে তার মরদেহ দেখতে পান স্বজনরা।

নিহতের মেয়ে রেখা আক্তার বলেন, “বাবা কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং গভীর হতাশায় ভুগছিলেন। এ ঘটনায় আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।”

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আলম রশিদ বলেন, “প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/রফিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়