২২ বছর পর চাঁদপুরে তারেক রহমান, জনতার ঢল
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রধানমন্ত্রীর জনসভা এবং খাল খনন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে
দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল থেকেই জেলা সদরের ঘোষেরহাটের বিশ্বখাল এলাকা এবং এর আশপাশে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসছেন। বিপুলসংখ্যক মানুষ সড়কের দুই পাশে অবস্থান করছেন। তারা তারেক জিয়ার আগমনের অপেক্ষা করছেন।
প্রধানমন্ত্রীর জনসভা এবং খাল খনন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সমাবেশস্থলের মঞ্চ প্রস্তুতসহ সার্বিক আয়োজন সম্পন্ন হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা জানান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত অন্য সদস্যদেরও এ সময় তৎপর থাকতে দেখা গেছে।
নেতাকর্মীরা জানান, দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক জিয়ার আগমন উপলক্ষে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তারা আশা করছেন, আজকের বক্তব্যে চাঁদপুরের উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তিনি।
পাশাপাশি প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, তা বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন, নৌপথ সচল রাখা, কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান চাঁদপুর সফর করেছিলেন।
দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান শাহরাস্তি উপজেলার খোদ্দ খাল ও চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকার বিশ্বখাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডের ৩৭০ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রীর চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় যোগদানের কথা রয়েছে।
ঢাকা/জয়//