কারিনার অকাল মৃত্যুতে তারকাদের শোক
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
কারিনা কায়সার
কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, বন্ধু, স্বজন, সংস্কৃতি অঙ্গন থেকে শুরু করে ক্রীড়াজগতের পরিচিত মুখরাও তার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
অনেকেই বিশ্বাস করেছিলেন, চিকিৎসা শেষে আবারও প্রাণচঞ্চল হাসি নিয়ে ফিরবেন কারিনা। কিন্তু সেই প্রত্যাশা আর পূরণ হলো না। তার হঠাৎ চলে যাওয়া যেন স্তব্ধ করে দিয়েছে পরিচিত মানুষদের স্মৃতির ভুবন।
শুধু কনটেন্ট নির্মাতা হিসেবেই নয়, সাম্প্রতিক সময়ে গল্প লেখাতেও মনোযোগী হয়ে উঠেছিলেন কারিনা। নিজের লেখা একটি গল্প নিয়ে কাজ করছিলেন তিনি, যেখানে অভিনয়ও করেছিলেন নিজেই। সেই প্রসঙ্গ টেনে নির্মাতা রেদওয়ান রনি আবেগঘন শোকবার্তায় লিখেছেন, কারিনা যেন গল্প লিখতে লিখতেই না ফেরার গল্পের দেশে পাড়ি জমালেন।
রনি স্মৃতিচারণ করে জানান, দেখা হলেই তাদের মধ্যে মজার এক তর্ক হতো—কে কার বড় ভক্ত। কারিনার প্রাণবন্ত উপস্থিতি, গল্প বলার স্বতন্ত্র ভঙ্গি আর সবসময় হাসিমাখা মুখের কথা স্মরণ করে তিনি লেখেন, “এইতো কয়েকদিন আগে বলে গেল, লেখাটা শেষ হলেই গল্পটা শুনব আবার। কারিনা গল্প লিখতে গিয়ে নিজেই না ফেরার গল্পের দেশে চলে গেল।”
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি স্মৃতিচারণ করে জানিয়েছেন, কিছুদিন আগেও কারিনা তাকে ফোন করে নতুন সিনেমা দেখার পরিকল্পনার কথা বলেছিলেন। সেই অসমাপ্ত কথোপকথনের স্মৃতি এখন তাকে গভীরভাবে নাড়া দিচ্ছে।
সহকর্মী ইনফ্লুয়েন্সার ডানা ভাই জোস লিখেছেন, কারিনা ছিলেন হাসি, বন্ধুত্ব আর মমতার আরেক নাম। তার ভাষায়, “তুমি ছিলে আমাদের জীবনের রোদ্দুর, এখন হয়তো সবচেয়ে উজ্জ্বল তারা।”
সংগীতশিল্পী মিনার রহমান জানান, কারিনার তৈরি কনটেন্ট সবসময়ই প্রাণবন্ত ও ইতিবাচকতায় ভরা ছিল। খুব বেশি দেখা না হলেও তিনি নিয়মিত কারিনার কাজ অনুসরণ করতেন। শেষবার এক দাওয়াতে দেখা হয়েছিল, যেখানে কারিনা একটি টক শো করার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
অভিনেত্রী সাদিয়া আয়মান বলেন, মাত্র এক মাস আগেও কারিনা তার অভিনয়ের প্রশংসা করে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন। কখনও ভাবেননি, সেটিই হবে তাদের শেষ কথোপকথন।
এছাড়া পরিসা ইভানা, মাকসুদা মাসু, নাজিফা তুষি, ইমতিয়াজ বর্ষণ, খিজির হায়াত খান, আরিক আনাম খান, তাসনুভা তিশা এবং নীল হুরের জাহান-সহ আরও অনেকে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।
একজন হাসিখুশি, প্রাণবন্ত ও স্বপ্নবাজ মানুষ হিসেবে পরিচিত ছিলেন কারিনা কায়সার। তার হঠাৎ বিদায়ে যেন থমকে গেছে অনেক মানুষের স্মৃতির অ্যালবাম। অসমাপ্ত গল্প, অপূর্ণ স্বপ্ন আর অগণিত স্মৃতির ভেতর দিয়েই হয়তো বেঁচে থাকবেন তিনি।
ঢাকা/রাহাত/লিপি