নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে শীর্ষ আইএস নেতা নিহত
নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে ইসলামিক স্টেট (আইএস)-এর একজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এ তথ্য জানিয়েছেন।
টিনুবু এক বিবৃতিতে বলেন, “আমাদের দৃঢ়প্রতিজ্ঞ নাইজেরীয় সশস্ত্র বাহিনী, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে, একটি দুঃসাহসিক যৌথ অভিযান পরিচালনা করেছে যা ইসলামিক স্টেটের সদস্যদের উপর একটি বড় আঘাত হেনেছে।”
এই অভিযানের কথা প্রথম ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আইএস নেতা আবু-বিলাল আল-মিনুকিকে ‘বিশ্বব্যাপী আইএসআইএস-এর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা’ এবং ‘বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসী’ হিসেবে বর্ণনা করেছেন।
২০২৩ সালে ওয়াশিংটন আল-মানুকিকে একজন বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে।
২০১৯ সালে ইসলামিক স্টেট গোষ্ঠীর (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদির হত্যার পর এই হত্যাকাণ্ডটি আইএসের জন্য আরেকটি বড় ধাক্কা।
টিনুবু এক বিবৃতিতে বলেন, লেক চাদ অববাহিকায় অবস্থিত তার আস্তানায় চালানো এক হামলায় আল-মানুকি ‘কয়েকজন সহযোগীসহ’ নিহত হন।
এই অববাহিকাটি নাইজেরিয়া, চাদ, নাইজার এবং ক্যামেরুনের মধ্যে অবস্থিত জলপথ ও জলাভূমি নিয়ে গঠিত একটি বিশাল অঞ্চল। এটি দীর্ঘদিন ধরে বোকো হারাম এবং এর প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইসোয়াপ)-এর একটি শক্তিশালী ঘাঁটি।
ধারণা করা হয়, আবু-বিলাল আল-মানুকি উত্তর-পূর্ব নাইজেরিয়ার বোরনো রাজ্যের বাসিন্দা ছিলেন। বিশ্লেষকরা বলেন, তার ডাকনামটি সম্ভবত ওই রাজ্যের মাইনোক শহর থেকে এসেছে, যা একটি সাধারণ আঞ্চলিক ঐতিহ্য যেখানে মানুষকে তাদের নিজ শহর বা পারিবারিক নামে চিহ্নিত করা হয়।
ঢাকা/শাহেদ