ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ফেস্টিভ্যাল অ্যান্ড কালচার ২০২৬: কবিতা ও শিল্পকর্ম আহ্বান
বিশ্বব্যাপী বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে আরো বিস্তৃত পরিসরে তুলে ধরার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে—‘ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ফেস্টিভ্যাল অ্যান্ড কালচার ২০২৬’। আগামী ১২ জুন, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতি উৎসব।
আয়োজক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পোয়েট অ্যান্ড লিটারেচার অর্গানাইজেশন (ডাব্লিউপিএল) জানিয়েছে, এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক ও শিল্পীরা অংশগ্রহণ করবেন। উন্মুক্ত মঞ্চে থাকবে কবিতা আবৃত্তি। তাছাড়াও রয়েছে শিল্পকর্ম প্রদর্শনী, আন্তর্জাতিক সাহিত্য সাময়িকীতে কবিতা প্রকাশের সুযোগ এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান।
ছাব্বিশের এই আয়োজনের অন্যতম আকর্ষণ ‘আন্তর্জাতিক সম্মানসূচক কবি পুরস্কার’ এবং ‘গ্ল্যামার ওয়ার্ল্ড সম্মাননা’। আয়োজকরা জানিয়েছেন, নতুন ও প্রতিশ্রুতিশীল কবিদের জন্য এটি হতে পারে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সাহিত্য পরিচয় তুলে ধরার গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। বাংলা সাহিত্যকে বিশ্বের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
উৎসবে অংশ নিতে আগ্রহীদের রচিত কবিতা ও শিল্পকর্ম জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্বাচিত কবিতা আন্তর্জাতিক সাহিত্য সাময়িকীতে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে ডাব্লিউপিএলও-এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন: www.worldpoet.org।
ঢাকা/রাহাত/শান্ত