নোয়াখালীতে মেঘনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা হবে: এ্যানি
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মন্ত্রী নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর এলাকায় মেঘনা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বৃহত্তর নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বসবাস করে। নদীর পাড়ের এ অঞ্চলে যারা থাকে, তারা সব সময় ভাঙন, প্লাবন, বন্যা পরিস্থিতি মোকাবিলা করে বসবাস করে আসছে। তাই মেঘনা নদীর ভাঙনরোধে আগামী অর্থ বছরে স্থায়ী ব্যবস্থা করবে সরকার।
রবিবার (১৭ মে) দুপুরে নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর এলাকায় মেঘনা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ সব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘‘সরকারের তিন মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যে প্রত্যেকটা জায়গায় জনগণের পাশে থেকে জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছি।’’
মন্ত্রী আরও বলেন, ‘‘এই এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি। আমার বিশ্বাস, সবাই একসঙ্গে কাজ করলে মানুষ উপকার পাবে।’’
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ স্থানীয় নেতারা।
ঢাকা/লিটন/বকুল