হামে আরো ৬ শিশুর মৃত্যু
ফাইল ফটো
বাংলাদেশে হাম পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের সংক্রমণ ও এর উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
রবিবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ মে সকাল ৮টা থেকে ১৭ মে সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ১ হাজার ২৭৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪৩ জনের।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮৪৬ জনে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে ৪৫৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের এবং ৩৮৪ জনের শরীরে হামের উপসর্গ ছিল।
ঢাকা/এমএসবি/রফিক