৬ হাজার বাংলাদেশি চালক নেবে দুবাই ট্যাক্সি
দুবাই ট্যাক্সি কোম্পানিতে চলতি বছর ৬ হাজার বাংলাদেশি চালক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগামীকাল সোমবার (১৮ মে) শুরু হবে নিয়োগ পরীক্ষা।
রবিবার (১৭ মে) সচিবালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিদল এ তথ্য জানিয়েছে।
বর্তমানে ওই কোম্পানিতে ২৭টি দেশের ১৫ হাজার চালক কাজ করছেন। এর মধ্যে ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি চালকদের কাজে সন্তুষ্ট হয়ে প্রতিষ্ঠানটি নতুন করে ১ হাজার ৫০ জনসহ চলতি বছরে ৬ হাজার চালক নিতে আগ্রহী বলে জানিয়েছে। আগামীকাল রাজধানীর মিরপুরে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মৌখিক পরীক্ষা শুরু হবে।
সাক্ষাতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রশিক্ষণের সময়ে চালকদের বেতন-ভাতা দেওয়ার অনুরোধ করেন। চালকের পাশাপাশি চিকিৎসক ও নার্সের মতো পেশাজীবী কর্মী নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, “বর্তমানে দুবাই যেতে খরচ অনেক বেশি। বেশিরভাগই দরিদ্র, ঋণ নিয়ে দুবাইয়ে যান।” অভিবাসন খরচ কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখার অনুরোধ করেন তিনি।
দুবাই ট্যাক্সি কর্তৃপক্ষ জানিয়েছে, চালকের পাশাপাশি ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগেও আগ্রহ আছে তাদের।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ ও একমাত্র অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ‘আল আনাস ওভারসিজ’-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/রফিক