রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহী থেকে বাস না ছাড়ায় কাউন্টারে এসে বিপাকে পড়েন যাত্রীরা।
কমিটি বাতিলের দাবিতে রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিক ইউনিয়নের একাংশ।
সোমবার (১৮ মে) সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ এমন পরিস্থিতিতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যেতে ইচ্ছুক যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। তারা জানান, শ্রমিকদের দ্বন্দ্বের খেসারত দিতে হচ্ছে তাদের।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নির্বাচন ছাড়া রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক হিসেবে মোমিনুল ইসলাম মোমিনের নাম ঘোষণা করা হয়েছে। ২১ সদস্যের কমিটি করা হয়েছে। রবিবার এই কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
শ্রমিকরা ভাষ্য, এভাবে কোনো কমিটি হয় না। অন্তত একটি অ্যাডহক কমিটি করে এরপর নির্বাচন করতে হয়। যারা কমিটিতে আছেন, তারা ঢাকায় গিয়ে নিজেরা বিভিন্ন পদ নিয়ে এসেছেন। এই ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বাস চলাচল বন্ধ আছে। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলেও জানান তারা।
সাইফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, “কাউন্টারে এসে দেখি সব বন্ধ। সব রুটের বাস বন্ধ থাকায় ফেরত যেতে হচ্ছে। এটা চরম ভোগান্তির। আগে থেকে কিছুই জানানো হয়নি।”
নাম প্রকাশে অনিচ্ছুক একটি বাসের টিকেট বিক্রেতা বলেন, “রবিবার রাতে ফেসবুকে ঘোষণা দেওয়া হয় বাস বন্ধের। ভোরে দুয়েকটি বাস ছাড়া হয়েছে। এরপর শ্রমিকরা এসে বাস চলাচল বন্ধ করে দিয়েছি। যাত্রীদের টিকিটের টাকাও ফেরত দেওয়া হচ্ছে।”
নতুন ঘোষিত মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, “বাস বন্ধ হওয়ার কোনো কারণ নাই। কিছু উচ্ছৃঙ্খল শ্রমিকরা কমিটি মানতে চাচ্ছে না। এর আগে এরা আমাকে লাঞ্ছিত করেছিল। আমি কিছুক্ষণ পর গিয়ে বাস চলাচল স্বাভাবিক করছি।”
গত ২৩ এপ্রিল ইউনিয়ন অফিসের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর শিরোইল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। টার্মিনালের পাশে থাকা বিপুল সংখ্যক দোকানেও ভাঙচুর চালানো হয়।
ঢাকা/মাহী/মাসুদ