ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অভয়নগরের সেই ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

যশোর (অভয়নগর) সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ১৮ মে ২০২৬  
অভয়নগরের সেই ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শাহ মাহমুদ।

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলার প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১৭ মে) মধ্যরাতে যশোর শহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহ মাহমুদ নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে।

আরো পড়ুন:

পুলিশ সূত্র জানায়, ব্যবসায়ী আনিছুর রহমানের নওয়াপাড়া বাজারে ‘আনিস প্লাজা’ নামে একটি বহুতল মার্কেট ও বাড়ি রয়েছে। গত ৬ মে সন্ধ্যা ৭টার দিকে বাসা ভাড়াকে কেন্দ্র করে আনিছুর রহমানকে তার বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে উপজেলার গুয়াখোলা গ্রামের শাহ মো. জুনায়েদের ছেলে শাহ মাহমুদ হোসেন ও একই গ্রামের নিছার আলীর ছেলে নাসির উদ্দিনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি থানায় মামলা করেন।

ঘটনার পর থেকেই প্রধান আসামি শাহ মাহমুদ এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে নদী বন্দরকেন্দ্রিক ব্যবসায়ীরা আন্দোলন শুরু করেন। এরই প্রেক্ষিতে পুলিশের একাধিক টিম অভিযানে নামে।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, শাহ মাহমুদ এক আইনজীবীর সহায়তায় ভারতে পালানোর পরিকল্পনা করছিলেন। এজন্য তাকে যশোর শহরের একটি বাসায় গোপনে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ মাহমুদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা এবং আইনজীবীর সহায়তায় পালানোর প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে যশোর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জানান, ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

ঢাকা/প্রিয়ব্রত/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়