অভয়নগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
যশোরের অভয়নগরে আনিছুর রহমান (৬৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার গুয়াখোলা গ্রামে পীরবাড়ি মাদরাসা সংলগ্ন আনিছ ট্রেড ভ্যালি মার্কেটের সামনে তার ওপর হামলা হয়।
নিহত আনিছুর সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। ব্যবসায়ীক কারণে তিনি অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে বসবাস করতেন। নওয়াপাড়া বাজারের সার আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন আনিছুর।
নিহতের ব্যক্তিগত ম্যানেজার রেজাউল করিম মিষ্টি ও স্যানিটারি মিস্ত্রি আলমগীর কবীর জানান, বুধবার মাগরিবের নামাজের আগে আনিছ ট্রেড ভ্যালি মার্কেটের সামনে আনিছুরের সঙ্গে তারা কথা বলছিলেন। এ সময় শাহ মাহমুদের নের্তৃত্বে ৫/৬ যুবক সেখানে আসেন। তারা আনিছুরের কাছে মার্কেটের ঘর কেনো ভাড়া দেওয়া হবে না এমন প্রশ্ন করেন। এক পর্যায়ে একটি চাইনিজ কুড়াল দিয়ে আনিছুরের মুখে কোপ দিয়ে তারা পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় আনিছুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে মারা যান আনিছুর।
অভয়নগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, “নিহত আনিছুর রহমানের সুরতহাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/প্রিয়ব্রত/মাসুদ
যুদ্ধবিরতির মধ্যে এবার বৈরুতে ইসরায়েলের হামলা