আলোচিত তৃষার ‘কারুপ্পু’ সিনেমা কত টাকা আয় করল?
‘কারুপ্পু’ সিনেমার দৃশ্যে সুরিয়া ও তৃষা
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা-তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়ের সঙ্গে নাম জড়িয়ে তুমুল আলোচনায় রয়েছেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। তাদের প্রেমের গুঞ্জন এখন সবার মুখে মুখে। এ আলোচনার মধ্যে মুক্তি পেয়েছে তৃষা অভিনীত ‘কারুপ্পু’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সুরিয়া।
নানা জটিলতা কাটিয়ে গত ১৫ মে, বিশ্বের সাড়ে ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আরজে বালাজি নির্মিত ‘কারুপ্পু’ সিনেমা। মুক্তির পর থেকে দর্শক-সমালোচকরা সিনেমাটির গল্প, অভিনয় ও আবহের প্রশংসা করছেন। বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছে এটি। চলুন জেনে নিই, ৩ দিনে কত টাকা আয় করল সিনেমাটি—
স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘কারুপ্পু’ সিনেমা ৩ দিনে ভারতে আয় করেছে ৬৮ কোটি রুপি (নিট)। ৩ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১২০.৭৫ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ১৫৪ কোটি ১৯ লাখ টাকা।
বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, ‘কারুপ্পু’ সিনেমা মুক্তির প্রথম দিনে আয় করেছে ২৮ কোটি রুপি (গ্রস), দ্বিতীয় দিনে আয় করেছে ৪৪ কোটি রুপি (গ্রস), তৃতীয় দিনে আয় করেছে ৪৩ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১১৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪৬ কোটি ৮৪ লাখ টাকা)।
সামাজিক অবিচার, আইনি জটিলতা ও ক্ষমতার অপব্যবহারের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘কারুপ্পু’ সিনেমার কাহিনি। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে বাবা-মেয়েকে ঘিরে। বছরের পর বছর ধরে আদালতে ঘুরেও ন্যায়বিচার না পাওয়া এই পরিবারের জীবন আরো দুর্বিষহ হয়ে ওঠে দুর্নীতিগ্রস্ত একজন আইনজীবীর কারণে। এ চরিত্রে অভিনয় করেছেন পরিচালক আরজে বালাজি নিজেই। পরে সুরিয়া এসে তাদের লড়াইয়ে নতুন মোড় আনে।
‘কারুপ্পু’ সিনেমা সরবনন চরিত্র রূপায়ন করেছেন সুরিয়া। আর আইনজীবী প্রীতির চরিত্রে অভিনয় করেছেন তৃষা। ২০০৫ সালে সর্বশেষ জুটি বেঁধে অভিনয় করেন তৃষা-সুরিয়া। দুই দশকের বেশি সময় পর একসঙ্গে পর্দায় হাজির হয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই দুই তারকা।
১৪০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘কারুপ্পু’ সিনেমা। এটি প্রযোজনা করেছেন—এস. আর. প্রভু, এস. আর প্রকাশ বাবু।
ঢাকা/শান্ত