খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
খুলনার কয়রায় সিঁধ কেটে ঘরের ভেতরে ঢুকে ভবতোষ মৃধা (৩৩) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৭ মে) মধ্যরাত দেড়টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্য মহেশ্বরীপুর এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ভবতোষ মৃধার একই ইউনিয়নের গিলাবাড়ি বাজারে ওষুধের দোকান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান খোকন জানান, রবিবার মধ্যরাতে একটি সংঘবদ্ধ চক্র ভবতোষ মৃধার ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। চুরির শব্দ পেয়ে ভবতোষ জেগে ওঠেন এবং তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এসময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার স্ত্রী স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার পায়ে কোপ দেয়।
তিনি আরো জানান, প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভবতোষ মৃধাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ