হরিণের মাংস ভাগাভাগির অভিযোগে ২ পুলিশ সদস্য প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
জব্দ করা হরিণের মাংস ভাগাভাগি ও ঘুষ গ্রহণের অভিযোগে খুলনায় দুই পুলিশ কনস্টেবলকে সাময়িকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। রবিবার (১৭ মে) তাদের ডুমুরিয়া থানা থেকে খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
সোমবার (১৮ মে) সকালে খুলনা জেলা পুলিশ সুপার মো. তাজুল ইসলাম এ তথ্য জানান।
অভিযুক্তরা হলেন- কনস্টেবল মো. মাইনুল ইসলাম ও মো. মুছাব্বির হোসেন। তারা ডুমুরিয়া থানার শোভনা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, গত ১২ মে ডুমুরিয়া উপজেলার সুফল মহলের বাড়ি থেকে হরিণের মাংস জব্দ হয়। ওই ঘটনায় মামলার ভয় দেখিয়ে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় এবং জব্দকৃত মাংস ভাগাভাগি করে নেওয়া অভিযোগ ওঠে দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে অভিযুক্তদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আছের আলী জানান, “বিষয়টি তদন্তাধীন। মাংস কোথা থেকে এসেছে এবং কী পরিমাণ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।”
খুলনার পুলিশ সুপার মো. তাজুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক ব্যবস্থা হিসেবে দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ