ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মির্জা আব্বাস কবে দেশে ফিরবেন, জানালেন তার স্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ১৭ মে ২০২৬  
মির্জা আব্বাস কবে দেশে ফিরবেন, জানালেন তার স্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চিকিৎসাধীন আছেন। দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে হওয়ায় জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

শনিবার (১৬ মে) স্থানীয় সময় বিকেল ৬টার দিকে কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকরা তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আফরোজা আব্বাস সাংবাদিকদের এসব তথ্য জানান।

চিকিৎসকদের বরাত দিয়ে আফরোজা আব্বাস বলেন, “সবার দোয়া ও আল্লাহর অশেষ রহমতে মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। তবে এখনো তার ফিজিওথেরাপি চলছে। নিউরো-সংক্রান্ত বড় ধরনের জটিলতা তৈরি হলেও বর্তমানে সেটি নিয়ন্ত্রণে রয়েছে। চিকিৎসকরা নিয়মিত ফলোআপ ও ফিজিওথেরাপির পরামর্শ দিয়েছেন।”

তিনি বলেন, “অসুস্থ অবস্থায়ও জ্ঞান ফিরলেই মির্জা আব্বাস জানতে চাইতেন, তার ফ্লাইট কবে। দেশে ফেরার আকাঙ্ক্ষা প্রকাশ করে তিনি বারবার ঢাকায় যাওয়ার কথা বলতেন। তখন তাকে বলা হতো, পুরোপুরি হাঁটতে পারলেই দেশে ফেরা সম্ভব হবে।”

আফরোজা আব্বাস বলেন, “দেশের মানুষের ভালোবাসা ও দোয়া মির্জা আব্বাসকে দ্রুত সুস্থ হওয়ার অনুপ্রেরণা দিচ্ছে। চিকিৎসকদের ধারণার চেয়েও দ্রুত তিনি সুস্থ হয়ে উঠছেন।”

তিনি বলেন, “শুরুতে মির্জা আব্বাস কথা বললেও তা বোঝা যেত না, কণ্ঠে শব্দ ছিল না। এখন তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। দীর্ঘদিন রাইস টিউবের মাধ্যমে খাবার নিতে হলেও ১৫ দিন আগে সেটি খুলে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন।”

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপস্থিত ছিলেন যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসীম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হেলাল শিকদার, জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুমসহ দলীয় নেতাকর্মী ও প্রবাসী সাংবাদিকরা।

ঢাকা/নাজমুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়